চিকিৎসকের অনুপস্থিতিতে : মন্ত্রীর ক্ষোভ
Printed Edition
সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা
মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন।
শনিবার সকাল সাড়ে ৮টায় প্রটোকল ছাড়াই আকস্মিকভাবে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করেন তিনি।
হাসপাতালের স্টাফ ও সেবা নিতে আসা রোগীর স্বজনরা জানান, মন্ত্রী সকাল ৮টায় এসে বাইরে অপেক্ষমাণ ছিলেন। সকাল সাড়ে ৮টায় হাসপাতালে ঢুকে ইউএইচএফপি স্যারের কক্ষে বসেন। এ সময় উপস্থিত ডা: ফারহানা নবীসহ কয়েকজন ডাক্তারের সাথে কুশল বিনিময় করেন এবং হাসপাতালের খোঁজখবর নেন। এরপর মন্ত্রী ইউএনও খায়রুন্নাহার, ইউএইচএফপিও ডা: রাফসান রেজাকে সাথে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং রোগীদের কাছে সেবার মান সম্পর্কে জানতে চান। এ সময় আরএমও ডা: সৈয়দ ইমতিয়াজ আহমেদসহ চারজন ডাক্তার অনুপস্থিতি ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। এরপর পৌরসভার আয়োজনে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন এবং হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতার কাজে অংশগ্রহণ করেন। পরে হাসপাতাল গেইটে স্থানীয় লোকজন, সংবাদকর্মী, হাসপাতাল স্টাফ ও সেবা নিতে আসা রোগীর স্বজনদের সাথে খোলামেলা কথা বলেন।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে ৩২ জন ডাক্তার দেয়া হয়েছে রোগীদের সেবার জন্য এর মধ্যে যদি অনুপস্থিত থাকে আবার এটাচমেন্টে চলে যায়, তাহলে রোগী সেবা পাবে কিভাবে? জনসংখ্যা অনুপাতে এমনিতেই ডাক্তার কম ও ফ্যাসিলিটিজ অপ্রতুল। জিনিসগুলো সরেজমিন দেখার জন্যই মূলত আজকের ভিজিট।
তিনি আরো বলেন, স্বাস্থ্য খাতকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া, বিভিন্ন সরঞ্জামের সহজলভ্যতা, অনিয়ম-দুর্নীতিমুক্ত করা, বিনা হয়রানিতে জনগণ যাতে চিকিৎসা সেবা পায় সেই জিনিসগুলো আমাদের শতভাগ নিশ্চিত করতে হবে। আমরা কোন অনিয়ম-দুর্নীতিকে প্রশ্রয় দিব না। এ ছাড়া হাসপাতালে ডাক্তারদের অনুপস্থিতি, দালালদের উৎপাতের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেন মন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: হাবেল উদ্দিন, থানার অফিসার ইনচার্র্জ (ওসি) মো: মাজহারুল ইসলাম।