ঈদযাত্রা নিরাপদ করতে সব ইউনিটকে নির্দেশনা দেয়া হয়েছে : আইজিপি

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো: আলী হোসেন ফকির বলেছেন, এই ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর ও নিরাপদ করার জন্য পুলিশ বাহিনীর সব ইউনিটকে নির্দেশনা দেয়া হয়েছে। প্রতিটি ইউনিটের পর্যাপ্ত ফোর্স নিয়োজিত থাকবে। কোনো ধরনের অন্যায়ের সাথে কম্প্রোমাইজ করা হবে না।

গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর অন্যতম প্রধান প্রবেশ ও বহির্গমনপথ গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। বাস টার্মিনাল পরিদর্শনকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো: সরওয়ারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইজিপি বলেন, প্রতি বছর ঈদযাত্রায় ঘরমুখো মানুষকে নানা সমস্যার সম্মুখিন হতে হয়। যানজটের কারণে সড়কে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়। কখনো ঈদের আগের দিন রওনা দিয়েও ঠিক সময়ে বাড়িতে পৌঁছতে পারেন না। এই বছর যাত্রী হয়রানি, টিকিটের মূল্য বেশি নেয়া, যানজট রোধে অত্যন্ত গুরুত্বের সাথে কাজ করা হচ্ছে। সরকারের পক্ষ থেকেও কো-অর্ডিনেশন মিটিং করা হয়েছে। তাদের নির্দেশনা এবং আমাদের নিজস্ব প্রযুক্তির মাধ্যমে কিভাবে আমাদের সড়ক ব্যবস্থাপনা ও ট্রাফিক ব্যবস্থাপনাকে উন্নত করা যায় তা নিয়ে আমরা গুরুত্ব সহকারে কাজ করছি।

তিনি আরো বলেন, বড় বড় বাজার এবং মোড়গুলোতে প্রচুর পরিমাণে যানজট লেগেই থাকে। সারা বছর এগুলা নিরসন করার জন্য ওখানে পুলিশের উপস্থিতিতে স্থানীয় জনপ্রতিনিধি ও সুধী লোকজনকে নিয়ে যেন কোনো যানজট না হয় সে বিষয়ে কাজ করছি। আমরা রিকোয়েস্ট করেছি যে, আমাদের যারা গাড়ির সাথে সংশ্লিষ্ট ড্রাইভার, হেলপার- ওনারা অল্প শিক্ষিত। তারা কিন্তু অনেক সময় আমাদের ট্রাফিক আইনটাও জানেন না। ট্রাফিক আইনটা মেনে চলেন না। সড়কে মাঝখানে একটা গাড়ি রেখে চলে যাচ্ছে। কিন্তু সে চিন্তা করে না আমার পেছনে গাড়িগুলোর যানজট লাগছে। একটু কমনসেন্সটা যদি তারা অ্যাপ্লাই করে তাহলে যানজট থেকে আমরা মুক্তি পেতে পারি।

এক প্রশ্নের জবাবে আলী হোসেন ফকির বলেন, কোনো ধরনের থ্রেট নয়, যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে টার্মিনালগুলোতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। টার্মিনালকেন্দ্রিক মাদকসেবী, ছিনতাইকারীরা আছে, সব ধরনের লোকই এখানে আছে। এজন্য আমি এবার বাংলাদেশের সব ইউনিটকে বলে দিয়েছি এই ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করার জন্য সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে।

রাজধানীতে নানা স্থানে অবৈধ বাস কাউন্টারের বিষয়ে তিনি বলেন, আইজিপি হিসেবে যোগদানের পরই বলেছি ঢাকা শহরের ভেতর দূরপাল্লার কোনো বাস কাউন্টার থাকতে পারবে না। এটা দূর করার জন্য আমাদের সবার প্রচেষ্টা দরকার। আইনের মাধ্যমে আমরা এসব দূর করব।

টিকিটের মূল্য বেশি নেয়ার পরও অভিযোগ না করার বিষয়ে তিনি বলেন, এটা আমাদের সমস্যা। আইন না জানাই একটা অপরাধ। জানার দায়িত্ব নিজের। প্রচলিত দেশের আইন জানা একজন নাগরিক হিসেবে দায়িত্ব। প্রধান দায়িত্ব আপনাকে আইন জানতে হবে। আপনি জানেন না, এসে বলবেন আমি এটা জানতাম না, এই অজুহাত মানব না। প্রচলিত আইন জানাও আমাদের দায়িত্ব।