টেলিগ্রাফের মালিকানা বদল ইসরাইল প্রীতির পরীক্ষা নিয়ে উদ্বেগ

Printed Edition

মিডল ইস্ট মনিটর

জার্মান সংবাদমাধ্যম জায়ান্ট এক্সেল ¯িপ্রঙ্গার ব্রিটিশ সংবাদপত্র টেলিগ্রাফের মালিকানা নেয়ার পর সাংবাদিকদের জন্য ইসরাইল সমর্থন এক নতুন পরীক্ষার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কোম্পানিটির প্রধান নির্বাহী ম্যাথিয়াস ডফনারের রাজনৈতিক বিশ্বাস ‘সবার উপরে জায়নবাদ’ বলে পরিচিত যা নিয়ে এখন তীব্র আলোচনা চলছে।

ব্রিটেনের সংস্কৃতি সচিব লিসা নন্দীর অনুমোদনের পর ব্রিটেনের অন্যতম প্রভাবশালী এই সংবাদপত্রটি এমন এক কোম্পানির অধীনে গেল যারা আনুষ্ঠানিকভাবে ইসরাইল সমর্থনকে তাদের প্রাতিষ্ঠানিক মূলনীতি হিসেবে গণ্য করে। ওভেন জোনসের প্রকাশিত তথ্য অনুযায়ী ডফনার টেলিগ্রাফ কর্মীদের জানিয়েছেন যে তাদের এখন থেকে এক্সেল স্প্রিঙ্গারের ‘এসেনশিয়ালস’ বা মৌলিক নীতিমালা মেনে চলতে হবে। এই নীতিমালার মধ্যে রয়েছে ইসরাইল রাষ্ট্রের অস্তিত্বের অধিকারের প্রতি সমর্থন এবং সব ধরনের ইহুদিবিদ্বেষের বিরোধিতা করা। কোম্পানিটির মূল্যবোধের তালিকায় স্বাধীনতা বাকস্বাধীনতা এবং আইনের শাসনের ঠিক পরেই ইসরাইলের অবস্থান।

জাতিসঙ্ঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে কেবল ইসরাইলের জন্য এই ধরনের বিশেষ সুরক্ষা ও সমর্থন দেয়ার বিষয়টি গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। প্রশ্ন উঠেছে নতুন মালিকানায় সম্পাদকীয় স্বাধীনতা আসলে কতটুকু বজায় থাকবে। এক্সেল স্প্রিঙ্গার দাবি করছে এই নীতিমালা সাংবাদিকতার স্বাধীনতা নিশ্চিত করবে কিন্তু সমালোচকরা বলছেন একটি নির্দিষ্ট বিদেশী রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশের বাধ্যবাধকতা থাকলে নিরপেক্ষতা বজায় রাখা অসম্ভব। ইসরাইলের প্রতি ডফনারের প্রকাশ্য সমর্থন ফিলিস্তিন ইস্যুতে টেলিগ্রাফের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন নিয়ে সংশয় তৈরি করেছে। দ্য গার্ডিয়ান জানিয়েছে, ডফনার তার ব্যক্তিগত বার্তায় ‘সবার উপরে জায়নবাদ’ বাক্যাংশটি ব্যবহার করেছেন। এ ছাড়া তিনি প্রায়ই ফিলিস্তিনিদের প্রতি সমর্থন এবং হামাসের প্রতি সমর্থনকে গুলিয়ে ফেলেন। একটি অভ্যন্তরীণ নথিতে দেখা গেছে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ফ্রি ফিলিস্তিন’ হ্যাশট্যাগ সংবলিত লাখ লাখ পোস্টকে ‘হামাসপন্থী’ বিষয় হিসেবে বর্ণনা করেছেন। টেলিগ্রাফের একজন সাংবাদিক ওভেন জোনসকে বলেন, মালিকপক্ষ যখন ইসরাইল সমর্থনকে প্রধান মূলনীতি হিসেবে ঘোষণা করে তখন তা অত্যন্ত উদ্বেগজনক। এই ধরনের মূলনীতি থাকলে সংবাদপত্রের কোনো প্রতিবেদনকেই আর বস্তুনিষ্ঠ হিসেবে গণ্য করা সম্ভব হবে না।