লেবাননের সার্বভৌমত্বে হাত দেয়া যাবে না : কানাডা

Printed Edition

এএফপি

ইসরাইলের দক্ষিণ লেবানন দখলের পরিকল্পনায় তীব্র নিন্দা জানিয়েছে কানাডা। সতর্ক করে দেশটি বলেছে, লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা ‘অবশ্যই লঙ্ঘন করা যাবে না’। উত্তরের প্রতিবেশী দেশটিতে ইসরাইলি বাহিনীর বড় ধরনের স্থল অভিযানের প্রস্তুতির মধ্যেই এমন সতর্কবার্তা দিলো কানাডা।

লেবাননের দক্ষিণ সীমান্ত থেকে ৩০ কিলোমিটার (১৮.৬ মাইল) ভেতর পর্যন্ত এলাকা দখল ও নিয়ন্ত্রণে নিতে প্রস্তুতি নিচ্ছে ইসরাইল। এই প্রস্তুতির মধ্যেই দেশটিতে নিহতের সংখ্যা অন্তত এক হাজার ৭২ জনে পৌঁছেছে। চলতি মাসে শুরু হওয়া ইসরাইলি হামলায় আহত হয়েছেন আরো প্রায় তিন হাজার মানুষ।

কয়েক সপ্তাহের ইসরাইলি হামলায় দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চল এবং রাজধানী বৈরুতে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। স্থল অভিযানের আশঙ্কা বাড়তে থাকায় সম্ভাব্য মানবিক সঙ্কট নিয়ে সব পর্যায়েই সতর্কবার্তা দেয়া হচ্ছে। লেবানন সরকার ও জনগণের প্রতি ‘সংহতি’ প্রকাশ করে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে বলেছে, সঙ্ঘাতে জড়িত সব পক্ষকে অবশ্যই ‘আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে’। বিবৃতিতে আরো বলা হয়, ‘আমরা সব পক্ষকে বেসামরিক মানুষকে সুরক্ষা দিতে, অবকাঠামো, স্বাস্থ্যকর্মী ও শান্তিরক্ষীদের ওপর হামলা থেকে বিরত থাকতে আহ্বান জানাই।’

এর আগে মঙ্গলবার ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারোও ইসরাইলকে দক্ষিণ লেবানন দখলের পরিকল্পনা থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের পদক্ষেপ বেসামরিক নাগরিকদের ওপর ভয়াবহ প্রভাব ফেলবে।