পিএসএলে ব্যতিক্রমী নিয়ম

দু’টি একাদশ রাখতে পারবেন অধিনায়ক

Printed Edition

ক্রীড়া ডেস্ক

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) চালু হয়েছে নতুন নিয়ম। যেখানে দলগুলো টসের আগে দু’টি করে সম্ভাব্য একাদশ জমা দিতে পারবে। টসের ফল জানার পর সেই তালিকা থেকে একটি একাদশ চূড়ান্ত করবে অধিনায়করা। ম্যাচে টসের প্রভাব কমাতেই এই উদ্যোগ। ২০২৬ আসরের উদ্বোধনী ম্যাচে লাহোর কালান্দার্স ও হায়দ্রাবাদ কিংসমেনের মধ্যকার ম্যাচে প্রথমবার এই নিয়ম প্রয়োগ করা হয়। দুই দলের অধিনায়কই ম্যাচ রেফারির কাছে দু’টি করে দলপত্র জমা দেন।

পিএসএলের প্লেয়িং কন্ডিশনের ১.২.১ ধারায় বলা হয়েছে, প্রতিটি দল টসের আগে লিখিতভাবে দু’টি একাদশ জমা দিতে পারবে, যেখানে ১১ জন খেলোয়াড় ও সর্বোচ্চ চারজন বদলি ফিল্ডার থাকতে হবে। টসের পর অধিনায়ককে একটি একাদশ চূড়ান্ত করে তাতে স্বাক্ষর করতে হবে। একবার একাদশ নির্ধারণ হয়ে গেলে প্রতিপক্ষের সম্মতি ছাড়া আর কোনো পরিবর্তন করা যাবে নাউপমহাদেশে রাতের ম্যাচে শিশির বড় ভূমিকা রাখে। শিশিরের কারণে বল ভিজে গেলে দ্বিতীয় ইনিংসে বোলিং করা দলের জন্য পরিস্থিতি কঠিন হয়ে পড়ে। ফলে টস জেতা দল অনেক সময় বাড়তি সুবিধা পায়।

নতুন এই নিয়মের ফলে দলগুলো ম্যাচ পরিস্থিতি মাথায় রেখে দু’টি ভিন্ন একাদশ সাজাতে পারবে। যেমন- বোলিং করতে হলে অতিরিক্ত পেসার রাখা, ব্যাটিং করতে হলে বাড়তি ব্যাটার নেয়া। এতে করে টসের ওপর নির্ভরতা কমে আসবে এবং ম্যাচে কৌশলগত বৈচিত্র্য বাড়বে বলে মনে করা হচ্ছে।

পিএসএলে পাল্টে গেল বলের রঙ

লাহোর কালান্দার্স ও হায়দ্রাবাদ কিংসম্যানের ম্যাচে এমন অদ্ভুত ও নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ম্যাচ চলাকালীনই ধীরে ধীরে বলের গায়ে মেরুণ আভা দেখা যেতে থাকে। পাওয়ারপ্লের আগেই পরিবর্তনটি চোখে পড়ে এবং শেষ পর্যন্ত লাহোরের ইনিংসের ১৫তম ওভারের পর বল বদলাতে বাধ্য হন আম্পায়াররা। এর আগে কয়েক ওভার খেলা হয়েছে রঙ পরিবর্তিত বল দিয়েই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হায়দরাবাদের মেরুন জার্সির রঙ থেকেই বলের এই পরিবর্তন হয়েছে বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো। তবে বিষয়টি নিশ্চিত নয়। হায়দ্রাবাদের অধিনায়ক মারনাস লাবুশেন দ্বিতীয় ওভারেই বিষয়টি আম্পায়ারদের নজরে আনেন। ম্যাচ শেষে তিনি বলেন, বল প্রায় লাল হয়ে গিয়েছিল এবং এমন ঘটনা আগে কখনো দেখেননি। অন্য দিকে লাহোরের পেসার হারিস রউফ ভিন্ন সম্ভাবনার কথা তুলে ধরেন। তার মতে, বল কয়েকবার গ্যালারিতে যাওয়ায় সেখানকার আসনের সংস্পর্শেও রঙ লেগে থাকতে পারে। যদিও গাদ্দাফি স্টেডিয়ামের আসনের রঙ সবুজ ও সাদা।

মোস্তাফিজের নিয়ন্ত্রিত বোলিংয়ে লাহোরের বড় জয়

এ দিকে উদ্বোধনী ম্যাচেই দাপুটে জয় পেয়েছে লাহোর কালান্দার্স। বাংলাদেশের মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমনের দল ৬৯ রানে হারিয়েছে নবাগত হায়দ্রাবাদ কিংসমেনকে। মোস্তাফিজ ১৯ রানে ১ উইকেট নেন। ইমন করেন ১৩ বলে ১৪ রান।