সংক্ষিপ্ত সংবাদ

Printed Edition

শাহজাদপুরে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মতবিনিময়

শাহজাদপুরে ‘জনগণের সরকার জনগণের সাথে’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের বাদলবাড়ি ঈদগাহ মাঠে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী প্রফেসর ডক্টর এম এ মুহিত এমপি। উপজেলা প্রশাসন আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন। প্রধান অতিথির বক্তব্যে ড.এম এ মুহিত বলেন, ‘আমরা শুধু ক্ষমতা নয় আমরা জাতীর উন্নয়নে দায়িত্ব নিতে চাই’। মেগা প্রকল্প করে মেগা দুর্নীতি করার ইচ্ছা বর্তমান সরকারের নাই। প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের সময় আপনাদের মাঝে এসে যেসব সমস্যা আমি দেখেছি, তার সব তথ্য আমার কাছে আছে। ইনশা আল্লাহ সব উন্নয়নমূলক কাজ ও সব সমস্যা পর্যায়ক্রমে সমাধান করা সম্ভব হবে। শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা।


সাভারে সরকারি চাল ট্রাকসহ উদ্ধার

সরকারি চাল পাচার করার সময় গতকাল বুধবার ভোরে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের বাসস্ট্যান্ড সংলগ্ন পাকিজা এলাকা থেকে ট্রাকসহ চাল উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। আটককৃতদের বরাত দিয়ে সাভার মডেল থানার এসআই মো: নেয়ামত উল্লাহ নয়া দিগন্তকে জানান- তাদের ভাষ্য মতে, ৩৬১ বস্তা (ওএসএম) চাল উদ্ধারের কথা নিশ্চিত করেন। জানা যায়, খাদ্যবান্ধব কর্মসূচির স্বল্পমূল্যের ওএসএমের চাল নিয়ে রাজধানীর তেজগাঁওয়ের একটি ডিপো থেকে ট্রাকযোগে সাভার দিয়ে পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পাকিজা এলাকায় অবস্থান নেয় পুলিশ। পরে গাড়ি তল্লাশি করে চাল উদ্ধার করা হয়। এ সময় গাড়ির চালক হেলপারসহ তিনজনকে আটক করা হয়। আটককৃতদের নাম পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। সাভার মডেল থানার (এসআই) মো: নেয়ামত উল্লাহ বিকেলে জানান- এ ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কি না বা প্রকৃত পক্ষে কত বস্তা চাল তা যাচাই-বাছাই চলছে। সাভার (ঢাকা) সংবাদদাতা।


গলাচিপায় ৩ ব্যারেল জ্বালানি তেল জব্দ

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় অবৈধভাবে সরবরাহের সময় তিন ব্যারেল জ্বালানি তেল জব্দ করেছে প্রশাসন। গতকাল সকালে উপজেলার চিকনিকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জব্দ করা তেলের মধ্যে দুই ব্যারেল পেট্্রল ও এক ব্যারেল ডিজেল । উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও ট্যাক অফিসার মো: আকরামুজ্জামান অভিযানটি পরিচালনা করেন। স্থানীয় সূত্র জানায়, পারডাকুয়া এলাকার মেসার্স রাসেল স্টোর থেকে পটুয়াখালীর কাশিপুর এলাকায় এসব তেল সরবরাহের উদ্দেশ্যে নেয়া হচ্ছিল। খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে তেল জব্দ করেন। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: আকরামুজ্জামান বলনে, জ্বালানি সঙ্কটের কারণে কোনো ডিলার নিজ উপজেলার বাইরে তেল সরবরাহ করতে পারবেন না। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় জব্দ করা তেল থানায় পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তিনি আরো বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা।


মাদারীপুরে রাতে টর্চ জ্বালিয়ে সংঘর্ষে আহত ৮

মাদারীপুরে পাওনা টাকা চাওয়ার জেরে রাতে টর্চ লাইট জ্বালিয়ে দুইপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত আটজন। এ সময় ভাঙচুর চালিয়ে লুটপাট করা হয় দু’টি দোকান। গত মঙ্গলবার রাত ৯টার দিকে সদর উপজেলার নয়াচর গোলচত্বরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে। আহতরা হলেন, ওই এলাকার মিনজাল বেপারীর ছেলে সাগর বেপারী (১৯), মৃত হাজী ওহাদে সরদারের ছেলে গোলাম মওলা সরদার (৫৮), মৃত হান্নান বেপারীর ছেলে রবিউল বেপারী (২৫), হান্নান বেপারীর ছেলে রেদওয়ান বেপারী (১৬), লিটন মাতুব্বরের ছেলে সাজ্জাদ মাতুব্বর (২২) ও তাজেল খানের ছেলে রাসেল খান (৩০)। বাকি দুইজনের নাম পাওয়া যায়নি। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ফের সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করেনি। তবে অভিযান অব্যাহত রয়েছে। মাদারীপুর প্রতিনিধি।


নান্দাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দেউল ডাংরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- দেউল ডাংরা গ্রামের সুমন মিয়ার আড়াই বছরের মেয়ে সাইফা আক্তার এবং তুহিন মিয়ার তিন বছর বয়সী মেয়ে সুরাইয়া আক্তার। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেল ৫টার দিকে শিশু দুটি বাড়ির পাশে পুকুরপাড়ে খেলছিল। একপর্যায়ে পরিবারের অগোচরে তারা পানিতে পড়ে তলিয়ে যায়। দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে স্বজনরা আশপাশে অনুসন্ধান শুরু করেন। পরে পুকুরে তাদের ভাসমান মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। নান্দাইল মডেল থানার ওসি মো: আজহারুল ইসলাম জানান, একসাথে দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ময়মনসিংহ অফিস।


বুড়িচংয়ে ৩ ট্রান্সমিটার চুরি

কুমিল্লার বুড়িচং উপজেলার গাজীপুর গ্রামের পয়াত মাঠে সেচপাম্পের তিনটি ট্রান্সমিটার চুরির ঘটনায় চরম বিপাকে পড়েছেন কৃষকরা। গত তিন মাসে একই স্থানে দুইবার ট্রান্সমিটার চুরির ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। সময়মতো সেচ না পেলে প্রায় ১৫০ বিঘা জমির ধান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয়রা জানান, গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার ষোলনল ইউনিয়নের গাজীপুর এলাকার পয়াত মাঠে পরিচালিত একটি সেচ প্রকল্পের গভীর নলকূপ থেকে তিনটি ট্রান্সমিটার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। সকালে কৃষকরা মাঠে গিয়ে ট্রান্সমিটার না দেখে নলকূপ মালিককে বিষয়টি জানান। তবে ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো কোনো ট্রান্সমিটার উদ্ধার করা সম্ভব হয়নি। জানা গেছে, গাজীপুর সেচপাম্পের আওতায় প্রতি মৌসুমে প্রায় ১৫০ বিঘা জমিতে বিভিন্ন জাতের ধান চাষ করা হয়। এই সেচ ব্যবস্থার ওপর নির্ভরশীল শতাধিক কৃষক। কিন্তু বারবার ট্রান্সমিটার চুরির কারণে সেচকার্যক্রম বন্ধ হয়ে পড়েছে, ফলে মাঠজুড়ে ধানক্ষেত পানির অভাবে শুকিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সরেজমিন দেখা গেছে, বিস্তীর্ণ মাঠজুড়ে সবুজ ধানের আবাদ থাকলেও অনেক জমিতে পানি নেই। কোথাও কোথাও মাটি ফেটে শুকিয়ে যাচ্ছে। কৃষকরা উদ্বিগ্ন হয়ে দ্রুত সেচ চালুর দাবি জানিয়েছেন। এ বিষয়ে বুড়িচং বিএডিসির (ক্ষুদ্রসেচ) অতিরিক্ত দায়িত্বে থাকা ইসহাক মিয়াজি বলেন, প্রকল্পটি বিএডিসির আওতাভুক্ত না, তাই আমাদের পক্ষ থেকে সহযোগিতা করা সম্ভব হচ্ছে না। বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা।


তিন পুলিশ সদস্য মাদকাসক্ত চিহ্নিত

বরিশালের উজিরপুর মডেল থানার তিন পুলিশ সদস্যের ডোপ টেস্টের ফল পজিটিভ হওয়ায় তোলপাড় চলছে। পাঁচ দিন আগে মডেল থানার তিন কনস্টেবলকে ডোপ টেস্ট করার জন্য বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ে আনা হয়। এরপর ওই তিনজনের ডোপ টেস্টে পজিটিভ রিপোর্ট আসায় তাদের জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আটকে রাখা হয়। পুলিশ সূত্র জানা যায়, নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পুলিশ সদস্য বলেন, জেলা পুলিশের সবার ডোপ টেস্ট কার্যক্রম চলমান আছে। পর্যায়ক্রমে জেলার দশটি থানার পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় ১৭ এপ্রিল উজিরপুর থানার তিনজনকে পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়। তাদের ডোপ টেস্টে পজিটিভ এলে পুলিশ সুপারের কার্যালয়ে আটকে রাখা হয়। গত সোমবার তাদের ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে পুনরায় টেস্ট করানোর জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে জানতে বরিশাল জেলা পুলিশ সুপারকে একাধিকবার কল করলেও তিনি ধরেননি। উজিরপুর (বরিশাল) সংবাদদাতা।