ঝালকাঠিতে শিশু ও সাতক্ষীরায় যুবক নিহত
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
সড়ক দুর্ঘটনায় ঝালকাঠির রাজাপুরে এক শিশু এবং সাতক্ষীরার পাটকেলঘাটায় এক যুবক নিহত হয়েছেন।
রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা জানান, ঝালকাঠির রাজাপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দেড় বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় গাড়িতে থাকা স্বামী-স্ত্রী আহত হয়েছেন। শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে খুলনা-বরিশাল মহাসড়কের উপজেলার বাগড়ি বাজার ব্র্যাক অফিসসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভোলা জেলার দৌলতখান উপজেলার বাসিন্দা লেফটেন্যান্ট কমান্ডার ইমতিয়াজ আহমেদ বরিশাল নৌবাহিনীতে কর্মরত। তিনি নিজেই প্রাইভেট কার চালিয়ে মংলা থেকে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে বাগড়ি বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা তার দেড় বছর বয়সী মেয়ে মেহেরিমা গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রাজাপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় লেফটেন্যান্ট কমান্ডার ইমতিয়াজ আহমেদ ও তার স্ত্রী রুমানা আহত হয়েছেন।
সাতক্ষীরা প্রতিনিধি জানান, স্ত্রীকে সাথে নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার পথে ভ্যান থেকে ছিটকে রাস্তায় পড়ে দ্রুতগতির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোস্তফা ফরহাদ হোসেন (৩২) নামের এক যুবক নিহত হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে পাটকেলঘাটা থানাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কুমিরার অভয়তলা নামক স্থানে এই ঘটনা ঘটে।
নিহত যুবক মোস্তফা ফরহাদ হোসেন সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়া এলাকার ঠিকাদার আব্দুর রাজ্জাকের ছেলে।
স্থানীয় বাসিন্দা মাহমুদুল ইসলাম জানান, ফরহাদ হোসেন তার স্ত্রীকে সাথে নিয়ে সাতক্ষীরা থেকে বাসে পাটকেলঘাটায় আসেন। পরে সেখান থেকে ভ্যানে চড়ে যশোরের কেশবপুর উপজেলার মহাদেবপুর গ্রামে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে শুক্রবার রাত ৯টার দিকে পাটকেলঘাটা থানাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কুমিরা অভয়তলা নামক স্থানে পৌঁছালে ফরহাদ হঠাৎ ভ্যান থেকে সিটকে রাস্তার উপর পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপ দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় ফারহাদ। খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এই ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আটক করে। তবে চালক পালিয়ে যায়।