কালিবাফ ও আরাকচিকে হত্যার ছক ইসরাইলের অস্বীকার
Printed Edition
আলজাজিরা
শান্তি আলোচনা চলাকালে ইরানের দুই শীর্ষ ব্যক্তিত্ব পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরাইল এমন খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে উড়িয়ে দিয়েছে তেল আবিব। ইসরাইল এই দাবিকে ‘ভুয়া খবর’ এবং ‘বাস্তবতার সম্পূর্ণ বিকৃতি’ বলে দাবি করেছে।
এর আগে মার্কিন প্রভাবশালী দুই সংবাদমাধ্যম ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ এবং ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে এক বিস্ফোরক খবর প্রকাশ করে। সেখানে বলা হয়, চলতি বছরের শুরুতে (ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর) ওমান ও পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমানো ও যুদ্ধবিরতির লক্ষ্যে যখন কূটনৈতিক আলোচনা চলছিল, ঠিক তখনই ইসরাইল এই দুই ইরানি প্রধান আলোচককে হত্যার ছক কষেছিল বলে ওয়াশিংটন দৃঢ়ভাবে বিশ্বাস করত। মার্কিন কর্মকর্তাদের বরাতে জানানো হয়, যুদ্ধ শুরুর পর থেকেই ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে নিশ্চিহ্ন করা ছিল ইসরাইলের অন্যতম প্রধান যুদ্ধকৌশল। এরই মধ্যে ইসরাইলি হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক শীর্ষ কর্মকর্তা আলী লারিজানিসহ বহু উচ্চপদস্থ নেতা লাশ হয়েছেন।