প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজীকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
বিনিয়োগ আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজীকরণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকার একটি বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য অর্জনে দেশী-বিদেশী বিনিয়োগ প্রক্রিয়ায় বিদ্যমান জটিলতা দূর করা জরুরি। গতকাল সোমবার সকালে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইং।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভা কক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কল-কারখানাগুলোর বর্তমান অবস্থা ও করণীয় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দফতরের কর্মকর্তাদের সাথে প্রধানমন্ত্রীর এই বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টা থেকে বৈঠকটি চলে দুই ঘণ্টা।
প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইং জানায়, বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, সরকার একটি বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি কল-কারখানাগুলোতে যারা আন্তরিকভাবে বিনিয়োগ করতে চান, তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেয়ার আশ্বাসের কথাও বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন।
বৈঠকে উপস্থিত একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, প্রকল্পের চূড়ান্ত অনুমোদন পেতে দীর্ঘ সময় লাগে, যা দেশী-বিদেশী বিনিয়োগকারীদের আগ্রহ কমিয়ে দেয়। পাশাপাশি বিভিন্ন দফতর থেকে অনুমতি নেয়ার জটিলতাও বড় বাধা হিসেবে কাজ করছে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বন্ধ কল-কারখানা কিভাবে চালু করা যায়, বন্ধ কল-কারখানার বর্তমান অবস্থা কি ইত্যাদি বিষয়ে আলোচনা করেছেন। এ ছাড়া মহান মে দিবসের দিন নয়াপল্টনে শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী বলেছেন, বন্ধ কল-কারখানাগুলো খুলে দেয়া হবে, শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। গতকালকের বৈঠকে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে তিনি জানান।
বৈঠকে বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর রাজনৈতিক এবং শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবীর রিজভী, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।