নৌকাডুবিতে ৩ সন্তানসহ ভ্যালেন্সিয়ার কোচের মৃত্যু
Printed Edition
ক্রীড়া ডেস্ক
ইন্দোনেশিয়ায় ভয়াবহ নৌকাডুবির ঘটনায় স্পেনের ক্লাব ভ্যালেন্সিয়া সিএফের নারী দলের কোচ ফার্নান্দো মার্টিন ও তার পরিবারের তিন সন্তানের মৃত্যু হয়েছে। তবে তার স্ত্রী ও এক মেয়ে প্রাণে বেঁচে গেছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ক্লাবগুলো। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ফুটবল অঙ্গনে।
ভ্যালেন্সিয়া সিএফ এক বিবৃতিতে জানায়, ‘ইন্দোনেশিয়ায় মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় ভ্যালেন্সিয়া সিএফ ফেমিনিনো বি দলের কোচ ফার্নান্দো মার্টিন এবং তার তিন সন্তানের মৃত্যুতে আমরা গভীর শোকাহত।’
ইন্দোনেশিয়া ও স্পেনের কর্তৃপক্ষ জানায়, গত ২৬ ডিসেম্বর লাবুয়ান বাজো দ্বীপের কাছে পদার আইল্যান্ড প্রণালীতে খারাপ আবহাওয়ার কবলে পড়ে ১১ জন আরোহী নিয়ে একটি নৌকা ডুবে যায়। ঘটনার পর থেকে ফার্নান্দো মার্টিন ও তার তিন সন্তান নিখোঁজ রয়েছেন। তবে দুর্ঘটনায় মার্টিনের স্ত্রী ও এক মেয়ে ছাড়াও নৌকার চারজন ক্রু সদস্য এবং একজন ট্যুর গাইডকেও জীবিত উদ্ধার করা হয়েছে। ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থার (এসএআর) স্থানীয় মিশন সমন্বয়ক ফাতুর রহমান বার্তা সংস্থা রয়টার্সকে জানান, গতকাল সকাল পর্যন্ত উদ্ধার তৎপরতা অব্যাহত ছিল। স্পেনের আরেক জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদও ৪৪ বছর বয়সী মার্টিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। তিনি ফার্নান্দো স্পেনের দ্বিতীয় স্তরের ফুটবলে সাবেক খেলোয়াড় ছিলেন এবং ২০২৫ সালে ভ্যালেন্সিয়া নারী দলের ‘বি’ স্কোয়াডের কোচ হিসেবে নিয়োগ পান।