নারী উদ্যোক্তা উন্নয়নে দিনব্যাপী আয়োজন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ডিভা আনবোউড’

Printed Edition
3rd-1
ঢাবির টিএসসিতে ক্যারিয়ার ক্লাব আয়োজিত নারী উদ্যোক্তা উন্নয়নের ডিভা আনবোউড অনুষ্ঠিত হয়

নিজস্ব প্রতিবেদক

নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ এবং আর্থিক অন্তর্ভুক্তিকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব আয়োজন করেছে দিনব্যাপী অনুষ্ঠান ‘ডিভা আনবোউড’। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়-এর টিচার-স্টুডেন্ট সেন্টার (টিএসসি) অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটির টাইটেল স্পনসর ছিল ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)। দিনব্যাপী এই কর্মসূচিতে অংশ নেন উদীয়মান নারী উদ্যোক্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং করপোরেট খাতের প্রতিনিধিরা।

উদ্বোধনী পর্ব : অনুষ্ঠানের সূচনা হয় ক্লাবের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি ইশার উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে। পরে ইবিএল-এর অ্যাসোসিয়েট ম্যানেজার শাকিল আহমেদ হিমেল নারী উদ্যোক্তাদের জন্য ব্যাংকের বিশেষায়িত সেবা ও উদ্যোগ তুলে ধরেন।

ইবিএল-এর নারী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি ‘অদিতা’ প্রশিক্ষণ প্রোগ্রামের মাধ্যমে উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, ব্যবসায়িক জ্ঞান বৃদ্ধি এবং আর্থিক অন্তর্ভুক্তির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে ইবিএল-এর আরো প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন- শারমিন আতিক, হেড অব লায়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট, তানজেরী হক, হেড অব প্রায়োরিটি অ্যান্ড ওমেন ব্যাংকিং ও ম্যারিলিন বৃষ্টি গোমেজ, সিনিয়র ম্যানেজার, ওমেন ব্যাংকিং।

মূল সেশন ও আলোচনা : অনুষ্ঠানের প্রথম সেশনে উদ্যোক্তা হিসেবে বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন মনোশিতা আয়রুয়ানি, প্রতিষ্ঠাতা, শেইপ। তিনি ব্যবসা শুরুর চ্যালেঞ্জ, বাজারে টিকে থাকার কৌশল এবং ব্যক্তিগত ব্র্যান্ড গঠনের অভিজ্ঞতা শেয়ার করেন।

দ্বিতীয় সেশনে অংশ নেন তানজিলা বিনতে হাসান, সহ-প্রতিষ্ঠাতা, ব্রাউন ক্লোজেট এবং সাবেক স্পেশালিস্ট, রবি অ্যাক্সিয়াটা লিমিটেড এবং সঙ্গীতশিল্পী মাশা ইসলাম। তারা উদ্যোক্তা হওয়ার পথচলা, কনটেন্ট ক্রিয়েশন, সৃজনশীলতা এবং ব্যক্তিগত সংগ্রামের অভিজ্ঞতা তুলে ধরেন।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ড. সায়েমা হক বিদিশা এবং ড. সাইয়েদা লাসনা কবির। তারা নারী নেতৃত্ব, কর্মক্ষেত্রে অংশগ্রহণ এবং পেশাগত উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল উদ্যোক্তা প্রদর্শনী। এতে অংশগ্রহণকারী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা নিজেদের তৈরি বিভিন্ন পণ্য- খাদ্যদ্রব্য, হ্যান্ডক্রাফটেড অলঙ্কার এবং অন্যান্য সৃজনশীল সামগ্রী প্রদর্শন ও বিক্রয় করেন। এতে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ করা যায়।

সমাপনী পর্ব : সমাপনী বক্তব্যে ড. সাইয়েদা লাসনা কবির নারী উদ্যোক্তাদের অগ্রগতির জন্য শিক্ষা, দক্ষতা এবং নেটওয়ার্কিংয়ের গুরুত্ব তুলে ধরেন।

অন্য দিকে ইবিএল-এর শারমিন আতিক আর্থিক অন্তর্ভুক্তি এবং প্রাতিষ্ঠানিক সহায়তার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। আয়োজকরা জানান, ‘ডিভা আনবোউড’ কেবল একটি অনুষ্ঠান নয়; বরং নারী উদ্যোক্তাদের জন্য একটি অনুপ্রেরণার প্ল্যাটফর্ম। এর মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে আত্মবিশ্বাস, উদ্ভাবন ও নেতৃত্বের চর্চা আরো শক্তিশালী হবে বলে তারা আশা প্রকাশ করেন।