বাড্ডায় দেয়াল চাপায় ঝরে গেল নিষ্পাপ ২টি ফুল

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বাড্ডার উত্তর বাড্ডা এলাকায় ৮ নম্বর লেনের রাস্তায় খেলা করছিল আয়েশা মনি (৯) ও নুসরাত আক্তার (৬) নামের দুটি শিশু। তাদের পাশেই একটি পুরাতন বাড়ি ভেঙে নতুন করে বাড়ি নির্মাণের কাজ চলছিল। তখনই সেই পুরাতন ওয়ালটি ধসে পড়ে তাদের ওপর। পরক্ষণেই ঝরে গেল নিষ্পাপ দুটি ফুল। গতকাল বুধবার দুপুর পৌনে ১টার দিকে তাদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আয়শার বাবা মো: ইকবাল জানান, তারা থাকেন উত্তর বাড্ডায় ৮ নম্বর লেনে। তাদের পাশের বাড়িতে থাকে মরিয়মের পরিবার। সকালে বাসায় ছিলেন তিনি। এ সময় রাস্তায় খেলা করছিল শিশু দুটি। তাদের পাশেই একটি পুরাতন বাড়ি ভেঙে নতুন করে বাড়ি নির্মাণের কাজ চলছিল। বাড়িটির বাউন্ডারি ওয়াল ভাঙা হয়নি। ভেতরে ওয়ালের পাশেই রাখা ছিল ইট আর বালু। শিশু দুটি যখন ঠিক ওয়ালের পাশে রাস্তায় খেলছিল, তখনই সেই পুরাতন ওয়ালটি ধসে তাদের ওপর পড়ে।

ইকবাল আরো জানান, এতে চাপা পড়ে আয়শা ও মরিয়ম। সাথে সাথে পথচারীরা তাদের দেয়ালের নিচ থেকে বের করে প্রথমে নেয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখান থেকে তাদের ঢামেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এক ছেলে ও দুই মেয়ের মধ্যে মেঝ আয়শা। স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে পড়তো সে। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার বরুড়ায়।

এ দিকে নিহত নুসরাত জাহান মরিয়মের বাবা রাজমিস্ত্রী মো: শরিফ জানান, তার একমাত্র মেয়ে মরিয়ম। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শালুয়াদি গ্রামে।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো: নাসিরুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উত্তর বাড্ডা পূর্বাঞ্চল এলাকায় এ ঘটনা ঘটে। দুটি বাড়ির মাঝে পাঁচ থেকে ছয় ফিট রাস্তা রিকশাও প্রবেশ করতে পারে না। ইতালি প্রবাসীর এক ব্যক্তির পুরাতন বাড়ি ভেঙে ফেলা হচ্ছিল। সেই পুরাতন একটি বাড়ির দেয়াল ধসে খেলতে থাকা দুই শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।