ঈদ উপহার বিতরণ

জনগণের সমস্যা সমাধানে কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই : সেলিম উদ্দিন

Printed Edition
Nagar-1
রামপুরা উত্তর থানা জামায়াতের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহাম্মদ সেলিম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, দেশে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে জনগণের সব মৌলিক সমস্যার সমাধান রাষ্ট্রই নিশ্চিত করবে। রাষ্ট্রব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন এবং সৎ ও যোগ্য নেতৃত্বের হাতে ক্ষমতা অর্পণের মাধ্যমে দেশকে একটি প্রকৃত কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে তিনি দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার দুপুর রাজধানীর পূর্ব রামপুরার নর্থ পয়েন্ট স্কুল মাঠে রামপুরা উত্তর থানা জামায়াত আয়োজিত ‘অসচ্ছল পরিবারের মধ্যে ঈদ উপহার’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেলিম উদ্দিন তার বক্তব্যে দেশের বর্তমান ব্যবস্থার সমালোচনা করে বলেন, ‘সুশাসনের অভাবেই আমাদের নতুন প্রজন্ম সঠিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। বিশ্বের অন্যান্য রাষ্ট্র শিক্ষায় এগিয়ে যাওয়ার কারণে উন্নতির শিখরে পৌঁছালেও আমরা বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছি।’ তিনি দেশের চিকিৎসা ব্যবস্থাকে অত্যন্ত পশ্চাৎপদ উল্লেখ করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষা ও চিকিৎসা ক্ষেত্রে কার্যকর উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

সুদভিত্তিক অর্থনীতির ভয়াবহতা তুলে ধরে মহানগরী আমির বলেন, প্রচলিত সুদভিত্তিক ব্যবস্থায় ধনীরা আরো ধনী হচ্ছে এবং দরিদ্ররা আরো দরিদ্র হচ্ছে।

সমাজে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হলে যাকাত ও কর্জে হাসানাভিত্তিক অর্থব্যবস্থা চালু করতে হবে। অন্যথায় সাধারণ মানুষের মুক্তি সম্ভব নয়।

দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, জনগণ রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন চায়। সদ্য সমাপ্ত নির্বাচনে জনগণ পরিবর্তনের পক্ষে রায় দিলেও ‘গায়েবি তৎপরতায়’ ফলের পরিবর্তন ঘটানো হয়েছে।

তা সত্ত্বেও জামায়াত নতুন সরকারকে সহযোগিতা করতে চায়। তিনি সরকারের উদ্দেশে বলেন, জনগণের কল্যাণে কাজ করুন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটান।

নগর জীবনে স্বস্তি ফেরাতে মশার উপদ্রব নিয়ন্ত্রণ করুন। অনির্বাচিত প্রশাসক নয়, অবিলম্বে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করুন।

তিনি আরো উল্লেখ করেন যে, জামায়াতে ইসলামী তাদের সীমিত সামর্থ্য নিয়ে সামাজিক দায়বদ্ধতা থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে।

দেশের দীর্ঘস্থায়ী আন্দোলনের উদ্দেশ্যই হলো একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠন করা, যেখানে মানুষকে মানুষের কাছে হাত পাততে হবে না।

রামপুরা উত্তর থানা আমির ফজলে আহমেদ ফজলের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন থানা নায়েবে আমির শাহাব উদ্দিন, তারবিয়ত সেক্রেটারি আবুল হাসান পাটোয়ারী, বাইতুলমাল সেক্রেটারি আবুল আল রিয়াদ, অফিস সেক্রেটারি তসলিম আলম, যুব ও এইচআরডি বিভাগের নেতারা।