শহীদ জামালের কন্যার বিয়েতে প্রধানমন্ত্রীর উপহার
Printed Edition
চট্টগ্রাম ব্যুরো
চব্বিশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে চট্টগ্রামে পুলিশের গুলিতে নিহত শহীদ জামালের মেয়ে তানিয়া আক্তার রুমির বিয়ের খরচ ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন বিএনপির চেয়ারম্যান এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের নেতৃত্বে গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত একটি অনুষ্ঠানে শহীদ জামালের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বিশেষ এই উপহার তুলে দেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ সময় শহীদ জামালের সহধর্মিণী তাসলিমা আক্তারের সাথে কথা বলেন এবং তার পরিবারের সার্বিক খোঁজখবর নেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ জপেল চাকমার জন্যও শুভেচ্ছা উপহার দিয়ে তার পড়াশোনার জন্য মাসিক শিক্ষাবৃত্তি ঘোষণা দেন তিনি।
এ ছাড়া ব্লাড ক্যান্সারে আক্রান্ত মার্জিয়া আক্তার মাইশার চিকিৎসা সহায়তা প্রদান করে ‘আমরা বিএনপি পরিবার’।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি। এ সময় উপস্থিত ছিলেন, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ও কেন্দ্রীয় বিএনপি নেতা মো: আবুল কাশেম, সংগঠনটির সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও সদস্য মাসুদ রানা লিটন প্রমুখ।