কুমিল্লায় পথচারী নিহতের প্রতিবাদে বাসে আগুন
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
কুমিল্লার বুড়িচংয়ে বাসচাপায় এক পথচারী নিহত হওয়ার প্রতিবাদে উত্তেজিত জনতা ওই বাসে আগুন দিয়েছে। এ ছাড়া বগুড়ার সোনাতলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন একজন।
বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় এক পথচারীর মৃত্যুর ঘটনায় উত্তেজিত জনতা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের বুড়িচং উপজেলাধীন কাবিলা এলাকায়, একতা পরিবহনের একটি বাস পথচারী সিরাজুল হককে (৯০) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত সিরাজুল হক কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল এলাকার বাসিন্দা।
দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে, কোরপাই এলাকায় স্থানীয়রা ব্যারিকেড দিয়ে সেটি আটকায়। পরে চালক ও যাত্রীদের নামিয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা।
এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় অংশে প্রায় ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়, পরে চান্দিনা থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ময়নামতি হাইওয়ে থানার ওসি আবদুল মুমিন জানান, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে। আগুনে পুড়ে যাওয়া বাসটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সোনাতলা (বগুড়া) সংবাদদাতা জানান, বগুড়ার সোনাতলায় দিগদাইড় ইউনিয়নের বুড়ারদহ নামক স্থানে গতকাল বৃহস্পতিবার অটোভ্যানে থাকা যাত্রী আনারুল ইসলাম ওরফে চান মিয়া (৫৫) দ্রুতগামী ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় ড্রাইভার পালিয়ে গেলেও ট্রাকটি থানা পুলিশ আটক করেছে। নিহত আনারুল ইসলাম উপজেলার পৌর এলাকার বোচারপুকুর গ্রামের মৃত্যু সানাউল্লাহ প্রামানিকের ছেলে এবং স্থানীয় জামায়াতের কর্মী।
এলাকা সূত্রে জানা যায়, নিহত আনারুল ইসলাম বাসা থেকে সৈয়দ আহম্মদ কলেজ এলাকায় অটোভ্যানে যাওয়ার পথে বুড়ারদহ নামক স্থানে পৌঁছলে পেছন থেকে দ্রুতগামী একটি ট্র্যাক ধাক্কা দিলে গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন।