বিসিবি নির্বাচন অনিয়মে কমিটি গঠন

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ২০২৫ সালের নির্বাচনে অনিয়ম, কারসাজি ও ক্ষমতার অপব্যবহারের স্বাধীন তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ক’দিন আগে তামিম ইকবাল ও তার সমমনা ক্রিকেট সংগঠকেরা অভিযোগ দায়ের করেন এনএসসিতে। সেটির পরিপ্রেক্ষিতে এই তদন্ত কমিটি গঠন করেছে এনএসসি।

১৫ কার্য দিবসের মধ্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। কমিটির সদস্য করা হয়েছে বিচারপতি (অবসরপ্রাপ্ত) এ কে এম আসাদুজ্জামান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম ফকির, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম, ক্রীড়া সাংবাদিক এ টি এম সাইদুজ্জামান ও ব্যারিস্টার সালেহ আকরাম সম্রাটকে।

কমিটি বিসিবি নির্বাচনের অনিয়ম, কারসাজি ও ক্ষমতার অপব্যবহারসংক্রান্ত প্রাপ্ত অভিযোগ পর্যালোচনা, প্রয়োজনে সংশ্লিষ্ট ক্লাব বা সংস্থা বা ব্যক্তিদের কাছে ব্যাখ্যা শুনবে। ভবিষ্যতে কাউন্সিলর মনোনয়ন ও নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে।

২০২৫ সালের অক্টোবর বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনে বিজয়ী হয়ে সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল।