অংশ নিবেন প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহে প্রধান জামাতের প্রস্তুতি সম্পন্ন

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত আদায়ের জন্য জাতীয় ঈদগাহের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকাল সাড়ে ৮টায় দেশের প্রধান এ ঈদ জামাতে প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, কূটনীতিক এবং সরকারের উচ্চপদস্থ ব্যক্তিরা অংশ নেবেন। প্রায় ২৫ হাজার ৪০০ বর্গমিটার আয়তনের জাতীয় ঈদগাহ ময়দানে একসাথে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। নারীদের জন্য পৃথক প্রবেশপথ এবং আলাদা নামাজের ব্যবস্থাও রাখা হয়েছে।

গতকাল মাঠের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শনে যান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো: আবদুস সালাম। এ সময় তিনি জানান, প্রধান জামাত আয়োজনের জন্য জাতীয় ঈদগাহের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি বলেন, মুসল্লিদের আরামদায়ক ইবাদত নিশ্চিত করতে পর্যাপ্ত ফ্যান, লাইট এবং শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র (এসি) স্থাপন করা হয়েছে। বৈরী আবহাওয়ার কথা বিবেচনায় রেখে বৃষ্টি নিরোধক সামিয়ানা এবং দ্রুত পানি নিষ্কাশনের বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে।

তিনি আরো জানান, আবহাওয়া প্রতিকূল হলে জাতীয় ঈদগাহের পরিবর্তে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৯টায় প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ঈদগাহের প্যান্ডেলের ভেতরে একসাথে প্রায় ১৪০ জন মুসল্লির অজুর ব্যবস্থা করা হয়েছে। প্রবেশপথ ও ময়দানে পর্যাপ্ত খাবার পানির ব্যবস্থাও থাকবে। পাশাপাশি জরুরি প্রয়োজনে প্রাথমিক চিকিৎসা সেবা এবং ভ্রাম্যমাণ টয়লেটের সুবিধা রাখা হয়েছে।

ময়দানে প্রবেশের জন্য ভিআইপি ও সাধারণ মুসল্লিদের জন্য মোট চারটি ফটক এবং বের হওয়ার জন্য সাতটি ফটক নির্ধারণ করা হয়েছে। পুরো এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পাশাপাশি ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ ব্যবস্থাও প্রস্তুত রাখা হয়েছে।

নিরাপত্তার স্বার্থে মুসল্লিদের কোনো ধরনের ধারালো বস্তু বা দাহ্য পদার্থ সাথে না আনার জন্য বিশেষভাবে অনুরোধ জানান ডিএসসিসি প্রশাসক। এ সময় তিনি নগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানিয়ে জাতীয় ঈদগাহের সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত প্রধান ঈদ জামাতে অংশগ্রহণের আহ্বান জানান।