পানামা খালে জাহাজের জট : রেকর্ড টোল আদায়
Printed Edition
গালফ নিউজ
ইরানের সাথে সংশ্লিষ্ট সঙ্ঘাত ও গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী অবরুদ্ধ হয়ে পড়ায় পানামা খালে জাহাজের আনাগোনা ও চাহিদা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। এক দাফতরিক প্রতিবেদনে জানানো হয়েছে, খালের দীর্ঘ জট এড়াতে একটি জাহাজ রেকর্ড পরিমাণ অর্থ ব্যয় করছে।
প্রতিবেদন অনুযায়ী, পাঁচ দিনের দীর্ঘ সারি এড়াতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী (এলএনজি) একটি জাহাজ চার মিলিয়ন মার্কিন ডলার খরচ করে আগেভাগে যাওয়ার সুযোগ কিনে নিয়েছে। হরমুজ প্রণালীতে অচলাবস্থার কারণে বিকল্প পথ হিসেবে পানামা খালের ওপর এই বাড়তি চাপ তৈরি হয়েছে। পরিস্থিতি বিশ্লেষণে দেখা গেছে, পারস্য উপসাগরীয় দেশগুলোর ওপর নির্ভরশীলতা কমিয়ে অনেক এশীয় ক্রেতা এখন যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি সংগ্রহ করছেন। আর এই বিশাল দূরত্ব অতিক্রম করতে তারা সুয়েজ খাল বা মধ্যপ্রাচ্যের ঝুঁকিপূর্ণ পথের বদলে পানামা খালকে বেছে নিচ্ছেন। গত কয়েক মাসে এই খাল দিয়ে প্রতিদিন গড়ে ৩৫ থেকে ৪০টির বেশি জাহাজ যাতায়াত করছে, যা গত বছরের তুলনায় অনেক বেশি।
সাধারণত জাহাজগুলো আগে থেকেই যাতায়াতের স্লট বুক করে রাখে, তবে বর্তমান সঙ্কটে শেষ মুহূর্তের নিলামে বুকিংয়ের দাম আকাশচুম্বী হয়ে উঠেছে। আগে যেখানে নিলামের গড় দর ছিল এক লাখ ৩০ হাজার ডলারের কাছাকাছি, মার্চ ও এপ্রিল মাসে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় তিন লাখ ৮৫ হাজার ডলারে। এমনকি বেশ কিছু ট্যাংকারের েেত্র এই দর ৩০ লাখ ডলার ছাড়িয়ে যাওয়ার নজির তৈরি হয়েছে। বিশ্ব সামুদ্রিক বাণিজ্যের প্রায় ৫ শতাংশ নিয়ন্ত্রক এই পানামা খালটি এখন যুক্তরাষ্ট্র ও এশিয়ার বাজার সংযোগে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে আবির্ভূত হয়েছে।