মহাদেবপুরে ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেফতার
Printed Edition
মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা
নওগাঁর মহাদেবপুরে স্বামীর ছুরিকাঘাতে আফসানা মিমি (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সাদ্দাম হোসেন ওরফে সাগরকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার বকাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। সাদ্দাম হোসেন মহাদেবপুর সদর মধ্যবাজার গ্রামের জান মোহাম্মদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাদ্দাম হোসেন তার স্ত্রী আফসানা মিমিকে নিয়ে উপজেলার দুলালপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। গত ১৬ মার্চ পারিবারিক বিরোধের জেরে সাদ্দাম তার স্ত্রীকে ছুরিকাঘাত করেন। এতে গুরুতর আহত অবস্থায় আফসানা মিমিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়া হয়।
পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিনই তার মৃত্যু হয়।
মহাদেবপুর থানার ওসি ওমর ফারুক জানান, ঘটনার পর থেকে পলাতক থাকা সাদ্দাম হোসেনকে শনিবার রাতে আটক করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।