দল পেলেন সাদমান

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

‘যদি আমাকে মনে করত আমি খেলার যোগ্য অবশ্যই আমাকে ড্রাফটেই (নিলাম) নিত।’ বিপিএল নিলাম শেষে অভিমানে এমন মন্তব্য করেছিলেন সাদমান ইসলাম। ওই সময় দল না পেলেও পরে চট্টগ্রাম রয়্যালসের হয়ে বিপিএল খেলতে রাজি হয়েছেন বাঁ হাতি এই ওপেনার। আজ চট্টগ্রামের ম্যাচ রংপুর রাইডার্সের বিপক্ষে।

২০২০ বিপিএলের পর এবারই প্রথম খেলবেন তিনি। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ছন্দে রয়েছেন। গত জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-২০তে ছয় ম্যাচে ১৫১.১৮ স্ট্রাইক রেটে ১৯২ রান করেছিলেন। ঢাকা মেট্রোর জার্সিতে বরিশাল বিভাগের বিপক্ষে ৪ ছক্কা ও ১১টি চারে খেলেছিলেন ১০১ রানের ইনিংস। এর আগে ডিপিএলে অগ্রণী ব্যাংকের হয়ে করেছিলেন ১১ ম্যাচে ৪৬৯ রান। একটা সেঞ্চুরির সাথে ছিল তিনটা হাফ সেঞ্চুরিও। এমন পারফরম্যান্সের পরও বিপিএলের নিলাম থেকে দল মেলেনি সাদমানের। তবে টুর্নামেন্ট শুরুর দু’দিন পর চট্টগ্রামের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। ঢাকা ডায়নামাইটস, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং রংপুর রেঞ্জার্সের পর চট্টগ্রামের হয়ে খেলতে দেখা যাবে তাকে। আগামীকালই দলের সাথে যোগ দেয়ার কথা রয়েছে তার।

সাদমানের পাশাপাশি তিনজন বিদেশী ক্রিকেটারকেও দলে নিয়েছে চট্টগ্রাম। পাকিস্তানের আসিফ আলীর সাথে আমের জামাল ও হাসান নাওয়াজও আসছেন বিপিএল খেলতে। পর্যাপ্ত বিদেশি ক্রিকেটার না থাকায় প্রথম ম্যাচে মির্জা তাহির বেগ ও মাসুদ গুরবাজকে একাদশে রেখেছিল চট্টগ্রাম।