জন্মদিনে উপহার পাঠালেন শাকিব খান
Printed Edition
বিনোদন প্রতিবেদক
জন্মদিনে সাধারণত উপহার পেয়ে বা নিয়ে থাকেন যে কেউ। গতকাল ২৮ মার্চ শাকিব খান উল্টো তার দর্শকদের জন্য পাঠালেন চমকদার এক উপহার।
হুম, ঢালিউড রাজা উপহার হিসেবে জন্মদিনে অন্তর্জালে প্রকাশ করেছেন নিজের আসন্ন চমক ‘রকস্টার’-এর পোস্টার ও লুক। যেখানে শাকিব খানকে দেখা গেছে কেয়ারলেস এক রকস্টারের লুকে। পায়ে স্নিকার্স, শরীরজুড়ে ট্যাটু, পরনে হাফ প্যান্ট, গলায় মোটা চেইন, চোখে সানগ্লাস; পিচঢালা পথে পা ছড়িয়ে বসে দৃষ্টি স্থির দূরে কোথাও। সবচেয়ে বড় বিষয়, শাকিব খানের এই রকস্টার লুক দারুণভাবে গ্রহণ করছেন নেটাগরিক ও সমালোচকরা। পোস্টারটি মুহূর্তে ভাইরাল। অনুমান করা যায়, সারাদিন অন্তর্জালে বইবে ‘রকস্টার’ ঝড়। সাথে জন্মদিনের শুভেচ্ছায় ভাসবেন শাকিব খান।
‘রকস্টার’ লুক প্রকাশ করে শাকিব খান ক্যাপশনে লিখেছেন, ‘আমার ভালোবাসার দর্শকদের জন্য এটা জন্মদিনের উপহার।’ এদিকে এবারের ঈদ মোটেও ভালো যায়নি শাকিব খানের। কারণ, প্রথম দিন থেকেই মুখ থুবড়ে পড়েছে ‘প্রিন্স’। একদিকে টেকনিক্যাল জটিলতায় স্টার সিনেপ্লেক্সে যথাসময়ে না প্রদর্শন করতে পারা; অন্যদিকে দুর্বল নির্মাণ ও স্টোরি টেলিং। সিঙ্গেল স্ক্রিন থেকে প্রাপ্ত রিভিউ তাই জানান দিচ্ছে। ফলে গেল কয়েক বছরে শাকিব খানের ধারাবাহিক রাজত্বে স্পষ্ট ফাটল ধরিয়েছে ‘প্রিন্স’। বিপরীতে ঈদের আরেক ফর্মুলা ছবি সিয়াম আহমেদের ‘রাক্ষস’ চলছে রমরমিয়ে।
এমন পরিস্থিতিতে বুদ্ধিমান শাকিব খান ‘প্রিন্স’ আর ঈদের সিনেমাগুলোর গল্প ছাপিয়ে মালয়েশিয়া থেকে খবর পাঠালেন তার নতুন সিনেমা ‘রকস্টার’-এর খবর। আসন্ন কোরবানির ঈদ লক্ষ্য করে ২৪ মার্চ থেকে ছবিটির শুটিং শুরু হয়েছে দেশটিতে। জানা গেছে, ২৯ মার্চ পর্যন্ত মালয়েশিয়ার বিভিন্ন লোকেশনে টানা চলবে ছবিটির শুটিং। এরপর দেশে ফিরে এপ্রিলের প্রথম সপ্তাহেই ঢাকার বিভিন্ন লোকেশনে হবে দৃশ্যায়ন। ছবিটির গল্প, নির্মাণশৈলী এবং শাকিব খানের লুক সব কিছুতেই নতুনত্ব আনার চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে। এর চিত্রনাট্য করছেন আয়মান আসিব স্বাধীন। ছবিটি পরিচালনা করছেন আজমান রুশো। ছবিটিতে শাকিব খানের সাথে থাকছেন সাবিলা নূর। এ ছাড়া দেখা যাবে তানজিয়া জামান মিথিলাকেও।