বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপি, জামায়াতসহ তিন প্রার্থী
Printed Edition
বগুড়া অফিস
আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিতব্য বগুড়া-৬ আসনের উপনির্বাচনে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- বিএনপির প্রার্থী জেলা সভাপতি মো: রেজাউল করিম বাদশা, জামায়াতের প্রার্থী শহর আমির মো: আবিদুর রহমান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) প্রার্থী মো: আল আমীন তালুকদার। গতকাল শনিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার না করায় রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো: ফজলুল করিম এ তথ্য জানান। তফসিল অনুযায়ী ১৫ মার্চ প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেবেন রিটার্নিং অফিসার ।
এদিকে উপনির্বাচনে মানুষের ভোট দিতে আগ্রহ কম হওয়ায় নির্বাচনের আমেজ এখনো তৈরি হয়নি। তবে নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে প্রার্থী ও সমর্থকদের প্রচারণা বৃদ্ধি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, সদ্য সমাপ্ত সাধারণ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিজয়ী হয়ে ছেড়ে দিলে নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। সে মোতাবেক আগামী ৯ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ আসনের ১৫০টি কেন্দ্র্রে চার লাখ ৫৪ হাজার ৪৩ ভোটার ভোট দেবেন।