যুক্তরাষ্ট্রে ফিরছে বাধ্যতামূলক সামরিক নিবন্ধন

Printed Edition

বিবিসি

মার্কিন যুক্তরাষ্ট্রে দীর্ঘ কয়েক দশকের স্বেচ্ছামূলক সামরিক নিবন্ধনের প্রথা শেষ হতে চলেছে। আগামী ডিসেম্বর থেকেই ১৮ থেকে ২৫ বছর বয়সী মার্কিন তরুণদের নাম সামরিক নিবন্ধন বা ‘ড্রাফট’-এর জন্য স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত করার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। ইরানের সাথে যুদ্ধ পরিস্থিতির অবনতি এবং সম্ভাব্য সঙ্কটের মুখে এমন পদক্ষেপ দেশটিতে নতুন করে বাধ্যতামূলক সামরিক চাকরির আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।

যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা সিলেক্টিভ সার্ভিস সিস্টেম (এসএসএস) এই নতুন নিয়মের প্রস্তাব করেছে। এর ফলে ১৮ বছর পূর্ণ হওয়া তরুণদের আর নিজে থেকে নিবন্ধন করতে হবে না; বরং ফেডারেল ডাটাবেজ ব্যবহার করে তাদের নাম স্বয়ংক্রিয়ভাবে তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি বছর তরুণদের নিবন্ধন করার কথা মনে করিয়ে দিতে যে লাখ লাখ ডলার খরচ হয়, এই ব্যবস্থার ফলে তা সাশ্রয় হবে। ডেমোক্র্যাটিক প্রতিনিধি ক্রিসি হাউলাহানের মতে, এই অর্থ প্রচারের পরিবর্তে সামরিক প্রস্তুতি এবং গতিশীলতা বৃদ্ধিতে ব্যয় করা সম্ভব হবে।

বর্তমানে যুক্তরাষ্ট্রে ১৮ থেকে ২৫ বছর বয়সী পুরুষদের জন্য এই নিবন্ধন বাধ্যতামূলক। নিবন্ধন না করা একটি ফেডারেল অপরাধ, যার সাজা ৫ বছরের জেল। যদিও জেল হওয়ার ঘটনা বিরল, তবে নিবন্ধন না করলে সরকারি শিক্ষাঋণ, ফেডারেল চাকরি এবং অ-নাগরিকদের ক্ষেত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়ার পথ বন্ধ হয়ে যেতে পারে।