ববিতে ‘ছাত্র অধিকার’ ব্যানারে ফেরার চেষ্টা নিষিদ্ধ ছাত্রলীগের

Printed Edition

ববি প্রতিনিধি

ছাত্র রাজনীতির পটপরিবর্তনের পর এবার ভিন্ন কৌশলে ক্যাম্পাসে ফেরার চেষ্টা করছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ‘ছাত্র অধিকার পরিষদ’ নাম ব্যবহার করে একটি গোপন মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে ছাত্রলীগের সক্রিয় উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে। সম্প্রতি ওই গ্রুপের ৩৬টি স্ক্রিনশট এ প্রতিবেদকের হাতে এসেছে।

অনুসন্ধানে দেখা গেছে, ‘ছাত্র অধিকার পরিষদ, বরিশাল বিশ্ববিদ্যালয়’ নামে পরিচালিত ওই মেসেঞ্জার গ্রুপটিতে থাকা ১৫ জন সদস্যের মধ্যে অন্তত আটজনই সরাসরি নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। গ্রুপটিতে সদস্যদের বিভিন্ন সাংগঠনিক ও রাজনৈতিক দিক-নির্দেশনা দিতে দেখা গেছে বিতর্কিত ছাত্রলীগ নেতা মইদুর রহমান বাকীকে।

ফাঁস হওয়া স্ক্রিনশটে তাকে বলতে দেখা যায়, আমাগো ছাড়া অরা কিচ্ছু করতে পারবে না। আমাদের কাজ আমরা গুছাতে থাকি এবং সেখানে বিশ্ববিদ্যালয়ের কোন ব্যাচ থেকে কতজন কমিটিতে নিতে হবে সেসব বিষয় নির্দেশ দেন তার অনুসারীদের।

গ্রুপটিতে সক্রিয় থাকা মইদুর রহমান বাকী সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের অনুসারী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে গুরুতর নানা অভিযোগ রয়েছে। ২০১৭ সালে ববিতে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের দায়ে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হন বাকী। ২০২২ সালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে নেতৃত্ব দেয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ওই সংঘর্ষে সাত শিক্ষার্থী গুরুতর আহত হয়েছিলেন।