সম্মিলিত নারী প্রয়াসের গোলটেবিল

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি

Printed Edition
3rd-3
মহান বিজয় দিবস উপলক্ষে সম্মিলিত নারী প্রয়াসের গোলটেবিল বৈঠকে অতিথিরা : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনসহ আট দফা দাবি জানিয়েছে সম্মিলিত নারী প্রয়াস। গতকাল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এ দাবি জানানো হয়। সম্মিলিত নারী প্রয়াসের সভানেত্রী ড. শামীমা তাসনিমের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ড. ফেরদৌস আরা খানম, সহকারী সম্পাদক মাহসিনা মমতাজ মারিয়া, বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটির প্রভাষক ড. জেবুন্নেসা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মেহের আফরোজ লুৎফা, জুলাই যোদ্ধা জান্নাতুন নাঈম প্রমি প্রমুখ। সঞ্চালনা করেন সম্মিলিত নারী প্রয়াসের সহকারী সাধারণ সম্পাদক নিয়ামা ইসলাম।

বক্তারা বলেন, কেবল নির্বাচন কমিশন বদলালেই হবে না, নাগরিকদের মন-মানসিকতার পরিবর্তন জরুরি। দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব নির্বাচন করে ইনসাফের বাংলাদেশ গড়া সম্ভব নয়। শরিফ ওসমান হাদির কথা উল্লেখ করে তারা বলেন, হাদি কারো একক নয়, হাদি সবার। কিন্তু এখনো পর্যন্ত হাদির হত্যাকারীদের গ্রেফতার করা হয়নি।

শামীমা তাসনিম বলেন, যুগের পর যুগ দলীয় প্রভাবাধীন নির্বাচন কমিশন, মনোনয়নবাণিজ্য, প্রশাসনের দলীয় নিয়ন্ত্রণ ও সহিংস রাজনীতির কারণে দেশে কখনোই সুষ্ঠু নির্বাচন ও যোগ্য নেতৃত্ব নিশ্চিত হয়নি। ফলে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংসের মুখে পড়ছে।

তিনি আরো বলেন, যোগ্য নেতৃত্ব বলতে এমন ব্যক্তিকে বোঝায়, যিনি সৎ, দুর্নীতিমুক্ত, শপথ রক্ষাকারী, জনগণের কাছে জবাবদিহিমূলক, দেশপ্রেমিক, আধিপত্যবিরোধী এবং রাষ্ট্রকে ব্যক্তিগত সম্পত্তি হিসেবে ব্যবহার করেন না।

যিনি ক্ষমতা ভোগ নয়, দায়িত্ব পালনের মানসিকতা নিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন। বৈঠকে উত্থাপন করা দাবিগুলো হলো- ১. স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে। ২. লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।

৩. ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ৪. ভোট গণনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং ফলাফল ঘোষণায় কোনো কারচুপি করা যাবে না। ৫. আইনের শাসন ও দ্রুত শাস্তি নিশ্চিত করে নির্বাচনী অপরাধে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৬. গণমাধ্যম স্বাধীনভাবে যাতে কাজ করতে পারে, সে ব্যবস্থা করতে হবে। ৭. মনোনয়নবাণিজ্য বন্ধ এবং রাজনৈতিক দলগুলোর ভেতরেও যোগ্য ও সৎ নেতৃত্বের চর্চা করতে হবে এবং ৮. দুদকসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা নিশ্চিত করতে হবে।