জলঢাকায় বজ্রপাতে ভ্যানচালকের মৃত্যু

Printed Edition

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর জলঢাকা উপজেলায় বজ্রপাতে লাবলু হোসেন (৫৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আখতারুজ্জামান (৩৮) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গুরুতর আহত হয়েছেন।

গতকাল সোমবার সকাল ১০টার দিকে উপজেলার কাঁঠালি ইউনিয়নের বসুনিয়াপাড়া পুলপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লাবলু হোসেন একই ইউনিয়নের দক্ষিণ দেশিবাই এলাকার মৃত আবদুল লতিফের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লাবলু হোসেন ভ্যানে করে দক্ষিণ দেশিবাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আখতারুজ্জামানকে বিদ্যালয়ে নিয়ে যাচ্ছিলেন। পথে পুলের হাট এলাকায় আকস্মিক বজ্রপাতে তারা দু’জনই আহত হন। এতে ঘটনাস্থলেই লাবলু হোসেনের মৃত্যু হয়। গুরুতর আহত শিক্ষককে স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। থানার ওসি নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আহত শিক্ষক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।