সিলেটে দেড় বছরে ১৬৯ এয়ারগানসহ বিপুল আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক জব্দ

Printed Edition

সিলেট ব্যুরো

সিলেট সীমান্তে গত দেড় বছরে ১৬৯ এয়ারগান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ছাড়াও সীমান্ত এলাকা থেকে ৪৮টি দেশী ও বিদেশী আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে।

এ সময় ৩৫৭৩০ গ্রাম বিস্ফোরক, ২২৪টি ডেটোনেটর, একটি সাউন্ড গ্রেনেড, পাঁচটি পেট্রল বোমা, ১১টি ককটেল এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলি পাওয়া গেছে।

তবে সীমান্তে অবৈধ অস্ত্র আটক হলেও অস্ত্র চোরাচালানের হোতারা বরাবরই অধরা থেকে যাচ্ছে। বিজিবিও অস্ত্র চোরাকারবারীদের শনাক্ত করতে হিমশিম খাচ্ছে। ফলে অবৈধভাবে অস্ত্র আনার মূল হোতারা পর্দার আড়ালে থেকে অস্ত্রবাণিজ্য চালিয়ে যাচ্ছেন।

বিজিবির তথ্য বলছে, ভারতীয় অস্ত্র চোরাচালানের রুট সিলেটের জৈন্তাপুর, কানাইঘাট এবং মৌলভীবাজারের বড়লেখা ও শ্রীমঙ্গল সীমান্ত। দেশের যে ৩০টি পথে ভারত থেকে অবৈধ পথে অস্ত্র আসে তার মধ্যে শীর্ষে রয়েছে সিলেট ও মৌলভীবাজারের এসব এলাকা।

র‌্যাব-৯ ও বিজিবির তথ্য বলছে, গত ২৪ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত সিলেট ও মৌলভীবাজারের সীমান্ত এলাকা থেকে ১৫টি ভারতীয় এয়ারগান, পিস্তল ও মেড শুটার জব্দ করা হয়েছে।

আর গত দেড় বছরে সিলেট অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে ৪৮টি দেশী ও বিদেশী আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ছয়টি ম্যাগাজিন, ৩৫৭৩০ গ্রাম বিস্ফোরক, ২২৪টি ডেটোনেটর, একটি সাউন্ড গ্রেনেড, পাঁচটি পেট্রল বোমা, ১১টি ককটেল এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ ১৬৯টি এয়ারগান জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়, সর্বশেষ গত শনিবার (৪ জুলাই) জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত থেকে চারটি ভারতীয় এয়ারগান জব্দ করেছে তারা।

এর আগে গত ২৮ জুন জকিগঞ্জের সোনাসর ব্রিকফিল্ড এলাকা থেকে একটি জাপানি-শুটার গান, ১১টি শক্তিশালী জেল ও ১১টি ডেটোনেটর জব্দ করা হয়।

২৪ জুন মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকা থেকেও দুইটি পিস্তল, ডেটোনেটর ও বিস্ফোরক জব্দ করা হয়। একই দিনে শ্রীমঙ্গল সীমান্ত থেকে ১১টি অবৈধ এয়ারগান জব্দ করে ৫২ বিজিবি। একই সময়ে দক্ষিণ সুরমা এলাকা থেকে ভারতীয় পেট্রল বোমা ও আগ্নেয়াস্ত্র জব্দ করে পুলিশ। ঘন ঘন এসব অস্ত্র জব্দের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে সীমান্ত এলাকায়। এ দিকে দেশে অবাধে অস্ত্র প্রবেশে নিষিদ্ধ আওয়ামী লীগের সংশ্লিষ্টতা দেখছেন কেউ কেউ। আর নিরাপত্তা বিশ্লেষকেরা বলেছেন, সীমান্ত এলাকায় মাঝেমধ্যে কিছু অস্ত্রের চালান ধরা পড়লেও বেশির ভাগই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশে ঢোকে। এসব অস্ত্র সহিংসতা, খুনোখুনি থেকে শুরু করে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিতে ব্যবহার করা হয়।

বিজিবি সূত্র জানায়, ভারতের সাথে বাংলাদেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এর মধ্যে ভারতের অংশে তিন হাজার কিলোমিটারের মতো অংশে কাঁটাতারের বেড়া দেওয়া হলেও বাকি অংশে তা নেই। বিজিবি বলছে, মূলত সীমান্ত থেকে দেশের ভেতরের আট কিলোমিটার এলাকার মধ্যে অভিযান চালায় বিজিবি। বিজিবি তৎপর থাকায় সীমান্ত দিয়ে দেশে ঢোকার সময় অস্ত্রের চালান ধরা পড়ছে। এ বিষয়ে সিলেট ৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো: নাজমুল হক জানান, আমরা সীমান্ত নিরাপত্তা রক্ষা, অবৈধ অস্ত্র পাচার, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ এবং পুশইন প্রতিরোধে সর্বদা কঠোর অবস্থানে রয়েছি। ভবিষ্যতেও এ ধরনের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত থাকবে।

বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো: জুবায়ের আনোয়ার জানান, সীমান্তে নিরাপত্তা জোরদার, মাদক ও অস্ত্রের অনুপ্রবেশ এবং অন্যান্য পণ্যের চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা, নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। বিজিবির সতর্ক অবস্থানের অংশ হিসেবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

এয়ারগানসহ দেশীয় অস্ত্র জব্দ র‌্যাবের

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা থেকে বিদেশী এয়ারগানসহ দেশীয় অস্ত্র জব্দ করেছে র‌্যাব-৯। সোমবার রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে উপজেলার ৬নং ঢাকা দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ রায়গড় এলাকার একটি জঙ্গল থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

র‌্যাব-৯ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে গোলাপগঞ্জ উপজেলার ৬নং ঢাকা দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ রায়গড় এলাকার একটি জঙ্গলে ব্যাপক তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি এয়ারগান, দু’টি রামদা ও একটি ছোরা পাওয়া যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহীদুল ইসলাম সোহাগ বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবৈধ অস্ত্র শনাক্তে কাজ করছে র‌্যাব। এ বিষয়ে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।