অস্ট্রেলিয়ায় ধর্মঘটে সাংবাদিকরা
Printed Edition
এএফপি
অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এবিসির শত শত সাংবাদিক বেতন, চাকরি নিরাপত্তা ও এআই ঝুঁকি মোকাবেলায় ২৪ ঘণ্টার ধর্মঘট করেছেন। এর ফলে সরাসরি সম্প্রচার বন্ধ রেখে রেকর্ড করা অনুষ্ঠান প্রচার করতে হয়েছে কর্তৃপক্ষকে।
অস্ট্রেলিয়ার প্রধান রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের কয়েক শত সাংবাদিক ভালো বেতন ও চাকরি সুরক্ষার দাবিতে ধর্মঘট করছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা যেন তাদের কাজ কেড়ে নিতে না পারে, সেই সুরক্ষাও চান তারা।
অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (এবিসি) কর্তৃপক্ষকে সরাসরি সম্প্রচার বন্ধ রেখে আগে ধারণ করা অনুষ্ঠান প্রচার করতে হয়েছে।
দুই সহস্রাধিক সাংবাদিক ও কর্মী ২৪ ঘণ্টার ধর্মঘট ডাক দেয়ায় এই পরিস্থিতি তৈরি হয়। সম্প্রচার মাধ্যমটি প্রায় ২০ বছরের মধ্যে এই প্রথম বড় ধরনের ধর্মঘটের মুখে পড়ল। মিডিয়া, এন্টারটেইনমেন্ট অ্যান্ড আর্টস অ্যালায়েন্স এক বিবৃতিতে জানায়, ‘এবিসির কর্মীরা ধর্মঘট করতে চান না, তারা তাদের কাজ করতে চান।’ সংগঠনটি আরো জানায়, তারা ন্যায্য বেতন, স্থায়ী চাকরি ও এআই-সহ প্রযুক্তির ব্যবহারে সুরক্ষা চান, যাতে করে সম্পাদনার স্বচ্ছতা ও জন আস্থা বজায় থাকে।