অ্যাডভোকেট এ এম য়্যাহ্য়্যা’র মৃত্যুবার্ষিকী আজ
Printed Edition
মুক্তিযুদ্ধের সংগঠক, সমবায় ব্যক্তিত্ব মরহুম অ্যাডভোকেট আলহাজ আবু মো: য়্যাহ্য়্যা’র ১৯তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৭ সালের এই দিনে ৭২ বছর বয়সে তিনি পরলোকগমন করেন। দীর্ঘ বর্ণাঢ্য কর্মজীবনে তিনি আইন অঙ্গন, সমবায় আন্দোলন, গ্রামোন্নয়ন এবং সমাজসেবায় অসামান্য অবদান রেখে গেছেন। তিনি বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সাবেক সম্পাদক, বাংলাদেশ সমবায় ব্যাংক ও বাংলাদেশ কো-অপারেটিভ জুট মিলসের সাবেক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তৃণমূল রাজনীতি ও জনসেবায় সম্পৃক্ত থেকে তিনি বৃহত্তর অবিভক্ত গুমানমর্দন (হাটহাজারী) ইউনিয়ন কাউন্সিলের সাবেক চেয়ারম্যান হিসেবেও জনকল্যাণে কাজ করেছেন।
আইন পেশায় অত্যন্ত দক্ষ ও নীতিবান এই ব্যক্তিত্ব চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), বিভিন্ন তফশিলি ব্যাংক, বীমা প্রতিষ্ঠান এবং সরকারি-আধাসরকারি প্রতিষ্ঠানের আইন উপদেষ্টা হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তিনি জনহিতকর প্রতিষ্ঠান জায়তুন-য়্যাহ্য়্যা ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। তিনি মানবাধিকার আইনবিদ অ্যাডভোকেট জিয়া হাবীব আহ্সান, অ্যাডভোকেট জান্নাতুল নাঈম রুমানা, বিশিষ্ট চিকিৎসক ডা: জান্নাতুল ফেরদৌস (হাসি) এবং ডা: জান্নাতুল মাওয়া রুজিসহ মোট ছয় সন্তানের জনক। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ জায়তুন-য়্যাহ্য়্যা ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে চট্টগ্রামের কোর্ট হিল জামে মসজিদে বাদ জোহর মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল এবং মরহুমের কবর জিয়ারত। এছাড়া তাঁর রূহের মাগফিরত কামনায় এবং জনহিতকর কাজের ধারাবাহিকতায় ট্রাস্টের পক্ষ থেকে একজন দৃষ্টিহীন ব্যক্তির চোখের কর্নিয়া প্রতিস্থাপনের বিশেষ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।