হামাস ও হিজবুল্লাহ নেতাদের সাথে বৈঠক আরাকচির
Printed Edition
আলজাজিরা
নিহত ইরানি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যের আগে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাথে তেহরানে পৃথক বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, হামাসের শূরা কাউন্সিলের প্রধান মোহাম্মদ দারবিশের নেতৃত্বাধীন প্রতিনিধিদলটি আরাকচির সাথে সাক্ষাৎ করে খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এবং গাজা ও পশ্চিম তীরের যুদ্ধপরিস্থিতি তুলে ধরে। বৈঠকে হামাস নেতা গাজার মানবিক বিপর্যয় ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তার কঠোর সমালোচনা করার পাশাপাশি ইসরাইলের যুদ্ধাপরাধের জবাবদিহি দাবি করেন এবং ওয়াশিংটন ও তেল আবিবের বিরুদ্ধে তেহরানের সামরিক ও কূটনৈতিক সাফল্যের প্রশংসা করেন। জবাবে ইরানি পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনিদের প্রতি ইরানের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেন।
এদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, একই দিনে হিজবুল্লাহর জ্যেষ্ঠ রাজনৈতিক নেতা ও লেবাননের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ ফনেইশের নেতৃত্বে আসা অন্য এক প্রতিনিধিদলের সাথেও বৈঠক করেন আব্বাস আরাগচি। হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসেমের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানিয়ে ফনেইশ লেবাননের প্রতি তেহরানের ধারাবাহিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। জবাবে আরাকচি হিজবুল্লাহর প্রতিরোধ সংগ্রামের প্রশংসা করে সংগঠনটির নিহত সাবেক প্রধান হাসান নাসরুল্লাহর প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্রের সাথে হওয়া সাম্প্রতিক সমঝোতা স্মারকের ভিত্তিতে লেবাননে স্থায়ীভাবে যুদ্ধ অবসানের লক্ষ্যে ইরান তাদের কূটনৈতিক তৎপরতা বজায় রাখবে।