চট্টগ্রামে যুবদল নেতার চাঁদা দাবির অডিও ভাইরাল!

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের ফটিকছড়িতে বালুর গাড়ি থেকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল হায়দার রাসেলের বিরুদ্ধে। বিগত কয়েক দিনে যুবদল নেতা রাসেলের চাঁদা দাবির একাধিক অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ রকম একটি অডিও সাংবাদিকদের হস্তগত হয়েছে। এতে যুবদল নেতা রাসেলকে বলতে শোনা যায়, পৌরসভার কোথাও বালু-মাটি ফেলতে হলে তাকে গাড়িপ্রতি ২০০ টাকা করে চাঁদা দিতে হবে। অন্যথায় ব্যবসা করতে দেয়া হবে না বলে হুংকার দেন তিনি।

সরকারিভাবে ইজারাকৃত বালু ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সাইফুল হায়দার রাসেলের চাঁদাবাজিতে অতিষ্ঠ তারা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গালাগাল ও হুমকি দেয়া হচ্ছে বলে দাবি তাদের।

অভিযোগ রয়েছে, গত ২৭ জানুয়ারি রাতে বালুর গাড়ি থেকে দাবিকৃত চাঁদা পরিশোধ না করায় কাঞ্চননগর ইউনিয়নের লেলাং খালের বালু ইজারাদার প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের মারধর করেন রাসেলের সাঙ্গপাঙ্গরা। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ২৮ জানুয়ারি ফটিকছড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইসতিয়াক আহমদ চৌধুরী তানভীর।

জানা যায়, ২৭ জানুয়ারি রাতে যুবদল নেতা রাসেল দলবল নিয়ে সরকারিভাবে ইজারাকৃত বালু পরিবহনের গাড়ি আটকে দিয়ে গাড়িপ্রতি ২০০ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে চিৎকার ও গালাগাল করতে থাকে। খবর পেয়ে স্থানীয় ছাত্রদল নেতা তানভীরসহ কয়েকজন ঘটনাস্থলে গেলে তাদেরও হুমকি দেন রাসেল।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।