বুটেক্সে আইটিইটি-বুটেক্স ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত

Printed Edition

বুটেক্স প্রতিনিধি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সেন্ট্রোর পরিবেশনায় আইটিইটি-বুটেক্স ক্যারিয়ার ফেয়ার ২০২৬। গতকাল বুটেক্স ক্যারিয়ার ক্লাবের আয়োজনে এই ফেয়ার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হয়।

ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টসের (আইটিইটি) সহযোগিতায় এই আয়োজন করা হয়। এতে টাইটেল স্পন্সর ছিল সেন্ট্রো টেক্স লিমিটেড। এ ছাড়া প্লাটিনাম স্পন্সর সুইস ক্রোমা বাংলাদেশ লিমিটেড, ফ্যাশন পাওয়ার গ্রুপ; গ্লোড স্পন্সর আমান গ্রুপ; সিলভার স্পন্সর ব্যাবিলন গ্রুপ ও এমএম নিট ওয়্যার লিমিটেড ছিল।

দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত এই মেলার প্রধান উদ্দেশ্য ছিল শিক্ষার্থী এবং শিল্প খাতের প্রতিনিধিদের মধ্যে সরাসরি যোগাযোগের একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করা।

গতকাল সকালে ভিসি অধ্যাপক ড. মো: জুলহাস উদ্দিন আনুষ্ঠানিকভাবে জব ফেয়ারের উদ্বোধন করেন। এরপরই চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীদের পদচারণায় ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে। তারা নিজেদের জীবনবৃত্তান্ত নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে ঘুরে করপোরেট প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন এবং চাকরি ও ইন্টার্নশিপের নানা সুযোগ সম্পর্কে বিস্তারিত ধারণা নেন।

প্রায় ২৭টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অংশ নেয় ফেয়ারে। এর মধ্যে ছিল সেন্ট্রো টেক্স, সুইস ক্রোমা, ব্যাবিলন গ্রুপ, হা-মিম গ্রুপ, অকো-টেক্স গ্রুপ, ঊর্মি গ্রুপ, পূর্বানী গ্রুপ, এপিলিয়ন, এ কে এইচ গ্রুপ, প্যাসিফিক জিন্স, চরকা টেক্সটাইলস লিমিটেড, বিটপী গ্রুপ, সামিট ডাই কেমিক্যালস লিমিটেড, ফ্লোরেন্স গ্রুপ, ইউনিক কালার কেমিক্যালস, বেন-টেক কেমিক্যালস ইত্যাদি। অন-স্পট ইন্টারভিউও নেয় কয়েকটি প্রতিষ্ঠান।