প্রধান নির্বাচক হচ্ছেন বাশার
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
আগেই নির্বাচক নিয়োগ দেয়ার জন্য বিজ্ঞপ্তি দেয় বিসিবি। সেখানে দেশীয়সহ জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার তাতেন্ডা তাইবুও আবেদন করেন। আবেদনকারী ১৬ জন থেকে ইন্টারভিউ নেয়ার জন্য আটজন প্রার্থী চূড়ান্ত করে বিসিবি। তাদেরই ইন্টারভিউ হয়েছে গতকাল।
আগামী ৩১ মার্চ শেষ হবে বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর বর্ধিত মেয়াদ। গতকাল বিসিবিতে আগ্রহী প্রার্থীরা সাক্ষাৎকার দিয়েছেন। যেখান থেকে প্রধান নির্বাচক হতে এগিয়ে আছেন সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার সুমন। এ ছাড়া নির্বাচক হওয়ার দৌড়ে আছেন নাঈম ইসলাম। সাক্ষাৎকার গ্রহণের সময় বিসিবির চার পরিচালকÑ ফারুক আহমেদ, খালেদ মাসুদ পাইলট, নাজমুল আবেদিন ফাহিম ও আব্দুর রাজ্জাক ছিলেন। এ ছাড়া অনলাইনে অস্ট্রেলিয়া থেকে যুক্ত হন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
নির্বাচক চেয়ে বিজ্ঞাপন দেয়ার আগেই হাবিবুল বাশারের সাথে প্রধান নির্বাচকের পদ নিয়ে আলোচনা করে বিসিবি। তখন মূলত বেতন নিয়ে বনিবনা হচ্ছিল না। পরে শেষদিনে এসে নির্বাচক হওয়ার জন্য আবেদন করেন হাবিবুল বাশার।
সূত্রমতে এবার দুই পক্ষ সবকিছুতেই সমতায় পৌঁছেছে। ফলে প্রধান নির্বাচক হিসেবে হাবিবুল বাশারের নাম ঘোষণা এখন সময়ের ব্যাপার বলা যায়।