মতিঝিলের জীবন বীমা টাওয়ারে ফের আগুন
Printed Edition
রাজধানীর বাণিজ্যিক কেন্দ্র মতিঝিলের দিলকুশায় অবস্থিত জীবন বীমা টাওয়ারে আবারো অগ্নিকাণ্ড ঘটেছে। মাত্র ১৭ দিনের ব্যবধানে দুইবার আগুন লাগায় ভবনের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে, সর্বশেষ গতকাল বেলা ১১টার দিকে ২১ তলাবিশিষ্ট ভবনটির একটি অংশ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এ সময় ভবনে অবস্থানরত রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক, সিটি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কিত হয়ে দ্রুত নিচে নেমে আসেন। অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে তড়িঘড়ি করে ভবন ত্যাগ করেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।
এর আগে গত ১৩ এপ্রিল বিকেলের ওই ভবনে আগুন লেগেছিল। সেদিনও ধোঁয়া ছড়িয়ে পড়লে কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কে হয়ে ভবন থেকে নিচে নেমে আসেন এবং ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ১৯৭০ সালে নির্মিত পুরনো এই ভবনে আধুনিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় ঝুঁকি আরো বেড়েছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের। বিজ্ঞপ্তি।