বিড়াল বাঁচাতে গিয়ে ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু
Printed Edition
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
পোষা বিড়ালকে উদ্ধার করতে গিয়ে তিনতলার ছাদের কার্নিশ থেকে পা পিছলে পড়ে বন্যা কস্তা (৩৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গত সোমবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর শাহজাদপুরে ঘটনাটি ঘটে।
নিহত বন্যা কস্তা নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ধর্মপল্লীর আদগ্রাম এলাকার মৃত সুশান্ত কস্তার মেয়ে ও একই উপজেলার বোর্ণি টুনিপাড়া এলাকার শোভন পালমার স্ত্রী। চাকরির সুবাদে তিনি স্বামীর সাথে রাজধানীর শাহজাদপুরে একটি ভাড়া বাসায় থাকতেন।
বন্যা কস্তার ভাই সৌরভ কস্তা জানান, বন্যা স্বামী শোভন পালমার সাথে রাজধানীর শাহজাদপুরে একটি ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকতেন। তার শখের বিড়ালটিকে ছাদের কার্নিশ থেকে উদ্ধার করতে গিয়ে পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে যায়। আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, আমার বোনের কোনো সন্তান না থাকায় বিড়ালটিকে খুব ভালো বাসতেন। গতকাল মঙ্গলবার সকালে বোর্ণি মিশন কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এ ব্যাপারে জোনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, সন্তানের অভাব পূরণে মাতৃ¯েœহে পোষা বিড়ালটিকে বাঁচাতে গিয়ে তিনি নিজেই মর্মান্তিকভাবে মারা গেলেন।
বড়াইগ্রাম থানার ওসি আব্দুস ছালাম জানান, শাহজাদপুর সংশ্লিষ্ট থানা এখন পর্যন্ত কোনো সংবাদ তাদের জানায়নি। জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।