১৯ তেল ডিপোতে বিজিবি মোতায়েন

Printed Edition
first-2
তেল ডিপোতে মোতায়েন করা হয়েছে বিজিবি : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

মধ্যপ্রাচ্যে চলমান সঙ্কটের পরিপ্রেক্ষিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের সঙ্কট ও দাম বৃদ্ধি পাওয়ায় অননুমোদিতভাবে জ্বালানি তেল মজুদের অপচেষ্টা পরিলক্ষিত হচ্ছে। জ্বালানি তেল মজুদের অপচেষ্টা প্রতিরোধ, জ্বালানি তেল বিপণনে শৃঙ্খলা রক্ষা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

গতকাল শনিবার বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো: শরীফুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিপোর নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সদর দফতরের তত্ত্বাবধানে মোতায়েন কার্যক্রম একটি সুপরিকল্পিত কাঠামোর আওতায় পরিচালিত হচ্ছে। ইউনিট সদর থেকে দূরবর্তী স্থানে দায়িত্ব পালনের সুবিধার্থে নিরাপদ স্থানে অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৫ মার্চ সকাল হতে ঢাকা জেলায় ১টি, কুড়িগ্রাম জেলায় ২টি, রংপুর জেলায় ৩টি, রাজশাহী জেলায় ৩টি, সিলেট জেলায় ২টি, মৌলভীবাজার জেলায় ৩টি, কুমিল্লা জেলায় ৩টি, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ১টি এবং সুনামগঞ্জ জেলায় ১টি ডিপোতে সর্বমোট ৯টি জেলায় ১৯টি ডিপোতে বিজিবি মোতায়ন করা হয়েছে।

মোতায়েনকৃত সদস্যরা অস্থায়ী বেইজ ক্যাম্পে একজন কর্মকর্তার নেতৃত্বে নিয়মিত তদারকি, প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থার কঠোর বাস্তবায়নে দায়িত্ব পালন করছে। যেকোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবেলায় গোয়েন্দা নজরদারি জোরদার, অবৈধ জ্বালানি মজুদ ও বিক্রয় প্রতিরোধ এবং নাশকতা প্রতিরোধে তাৎক্ষণিক ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে।

এ ছাড়াও সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার প্রতিরোধে সীমান্তে অতিরিক্ত টহল পরিচালনা, নৌটহল জোরদার, চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা এবং সীমান্তবর্তী অঞ্চলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্তবর্তী আইসিপি ও এলসিপিগুলোতে নজরদারি বৃদ্ধির পাশাপাশি আমদানি-রফতানিতে ব্যবহৃত ট্রাক-লরিসহ বিভিন্ন যানবাহনে নিয়মিতভাবে তল্লাশি করা হচ্ছে।

সিলেট ব্যুরো জানান, সিলেটে জ্বালানি তেলের ডিপোতে দুই প্লাটুন জওয়ান মোতায়েন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জ্বালানি তেলের নিরাপত্তা নিশ্চিতে সিলেটের জ্বালানি তেলের ডিপোসমূহে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বিজিবি। এরই অংশ হিসেবে ২৫ মার্চ থেকে নগরীর যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ডিপোতে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) ১ প্লাটুন ও পদ্মা অয়েল পিএলসির ডিপোতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) ১ প্লাটুনসহ মোট দু’টি ডিপোতে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

৪৮ বিজিবির অধিনায়ক নয়া দিগন্তকে জানান, পরিস্থিতি বিবেচনায় পর্যায়ক্রমে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হবে।