পৌর কাউন্সিলরসহ বিভিন্ন স্থানে নিহত ৬
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
সড়ক দুর্ঘটনায় ঝালকাঠির নলছিটিতে এক পৌর কাউন্সিলরসহ বিভিন্ন স্থানে ছয়জন নিহত হয়েছেন।
চাটমোহর (পাবনা) সংবাদদাতা জানান, পাবনার চাটমোহরে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় রনি হোসেন (১৫) নামের এক কিশোর ও আকাত আলি (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের কুয়াবাসী গ্রামে ইট বোঝাই ট্রলির নিচে চাপা পড়ে রনি হোসেনের ও শনিবার সন্ধ্যায় চাটমোহর পাবনা মহাসড়কের মূলগ্রাম ইউনিয়নের পূর্বটিয়ারতলা গ্রামে সিএনজির ধাক্কায় আকাত আলির মৃত্যু হয়।
নিহত রনি হোসেন ফৈলজানা ইউনিয়নের কুয়াবাসী গ্রামের রুবেল হোসেনের ছেলে ও নিহত আকাত আলি মূলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার গ্রামের মৃত কিয়ামুদ্দিনের ছেলে।
জানা গেছে, রোববার সকালে বাড়ির পাশের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল রনি হোসেন। এ সময় উল্টো দিক থেকে আসা ইট বোঝাই ট্রলির চালক নিয়ন্ত্রণ হারিয়ে রনিকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় ওই কিশোর।
অপর দিকে শনিবার সকালে মাঠে কাজ করতে যাওয়ার মুহূর্তে চাটমোহর পাবনা মহা সড়কের পূর্বটিয়ারতলা এলাকায় রাস্তা পারাপার হওয়ার সময় দ্রুত গতির একটি সিএনজির ধাক্কায় গুরুতর আহত হন আকাত আলি। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা মেডিক্যালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পরে তার মৃত্যু হয়।
ঝালকাঠি প্রতিনিধি জানান, বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির নলছিটি উপজেলার রায়াপুর নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় ঝালকাঠি পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর হুমায়ুন করিব সাগর নিহত হয়েছেন। দুর্ঘটনায় বাইকচালক সোহেল গুরুতর আহত হয়েছেন। রোববার বেলা ২টার দিকে বরিশাল থেকে ঝালকাঠি যাওয়ার পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সড়কের পাশে ছিটকে পড়ে এ হতাহতের ঘটনা ঘটেছে।
ঘটনাস্থল থেকে তাদেরকে আহতাবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কাউন্সিলর হুমায়ুন কবীর সাগরকে মৃত ঘোষণা করে। লাশ উদ্ধার করেছে নলছিটি থানা পুলিশ।
স্থানীয়রা জানিয়েছে, কাউন্সিলর হুমায়ুন কবির সাগর ও ব্যবসায়ী সোহেল হোসেন বরিশাল থেকে ঝালকাঠি ফিরছিলেন। মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সড়কের পাশে ছিটকে পরে গুরুতর আহত হন। পরে উদ্ধার করে বরিশালের শেবাচিম হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক হুমায়ুন কবির সাগরকে মৃত ঘোষণা করেন। সোহেল আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
মাদারীপুর প্রতিনিধি জানান, মাদারীপুরে গাছের সাথে ধাক্কা লেগে বাসে আগুন ধরার ঘটনা ঘটেছে। এ সময় বাস থেকে লাফিয়ে বের হতে গিয়ে একজন মারা গেছেন। রোববার বিকেল ৫টার দিকে ডাসার উপজেলার পাথুরিয়াপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় বন্ধ হয়ে যায় ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল।
মাদারীপুরের মোস্তফাপুরের হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ জানান, দুপুরে বরিশাল থেকে রাজধানী ঢাকার উদ্দেশ ছেড়ে আসে সাকুরা পরিবহনের একটি বাস। মাঝপথে কালকিনির ভুরঘাটা ফিলিং স্টেশন থেকে তেল নেন সুপারভাইজার। অসাবধানবশত তেল নেয়ার জায়গার ক্লিপটি খোলা থাকে। ঢাকা-বরিশাল মহাসড়কের পাথুরিয়াপাড় এলাকায় এলে নিয়ন্ত্রণ হারায় বাসের চালক। এ সময় একটি গাছের সাথে ধাক্কা লাগে। মুহূর্তেই আগুন ধরে যায় বাসটিতে। আতঙ্কে বাস থেকে লাফিয়ে নামার সময় এক যুবকের মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহ জেলার কালীগঞ্জে দুই বাসের মাঝে চাপা পড়ে উসমান আলী (৪২) নামে এক হকার নিহত হয়েছেন। গাড়িতে ফেরি করে পণ্য বিক্রির সময় দুই বাসের মাঝখানে চাপা পড়েন তিনি। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দোগাছি এলাকায় বাস ও একটি গাড়ির সংঘর্ষে মাসুদ (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন। শনিবার গভীর রাতে মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ (৩০) বরগুনার আমতলী উপজেলার বাসিন্দা। তিনি শাহজাহান মাতাব্বরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি বাসের সাথে অজ্ঞাত একটি গাড়ির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মাসুদের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হন বেশ কয়েকজন যাত্রী।