নির্ধারিত সময়ে মানসম্মতভাবে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সেতু বিভাগের সম্মেলন কক্ষে ‘ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প’-এর সার্বিক অগ্রগতি, বাস্তবায়ন চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন।

মোহাম্মদ আবদুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্প পরিচালক, প্রকল্প পরামর্শক এবং সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের দেশী-বিদেশী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় প্রকল্পের বিভিন্ন প্যাকেজের বর্তমান ভৌত ও আর্থিক অগ্রগতি নিয়ে বিশদ আলোচনা করা হয়। মাঠপর্যায়ে কাজের বর্তমান অবস্থা, নির্ধারিত লক্ষ্যমাত্রা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।

নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সর্বোচ্চ মান বজায় রেখে সম্পন্ন করার ওপর বিশেষ জোর দেয়ার পাশাপাশি নির্মাণ কাজের গতি আরো বেগবান করতে এবং উদ্ভূত যেকোনো জটিলতা দ্রুত নিরসনে সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করা হয়।

মোহাম্মদ আবদুর রউফ বলেন, বর্তমান সরকারের আধুনিক বাংলাদেশ বিনির্মাণে দেশের যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আসছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী দিকনির্দেশনা, ঐকান্তিক প্রচেষ্টা, নিয়মিত তদারকি এবং প্রকল্পের আরডিপিপি অনুমোদনের মাধ্যমেই ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো মেগা প্রকল্পগুলো আজ সফলভাবে বাস্তবায়নের পথে এগিয়ে চলছে।

তিনি আরো বলেন, বিশেষ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সুদূরপ্রসারী নেতৃত্ব ও বলিষ্ঠ পদক্ষেপে দেশের যোগাযোগ অবকাঠামো খাতে এক নতুন দিগন্তের উন্মোচন হয়েছে।

পরে, সেতু সচিব প্রকল্পের সুনির্দিষ্ট কিছু চ্যালেঞ্জ দ্রুত সমাধান এবং নির্ধারিত সময় ২০২৮ সালের জুন মাসের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের সুনির্দিষ্ট রূপরেখা প্রদান করেন। বাসস