ইসরাইল-ইইউ বাণিজ্য চুক্তি স্থগিতের পক্ষে ডাচ পার্লামেন্ট
Printed Edition
আনাদোলু
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইল কর্মকাণ্ডের প্রতিবাদে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং ইসরাইল এর মধ্যকার অ্যাসোসিয়েশন চুক্তির বাণিজ্যিক অংশ স্থগিত করতে ডাচ পার্লামেন্টে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। ডাচ হাউজ অব রিপ্রেজেন্টেটিভস-এর অধিকাংশ সদস্য এই প্রস্তাবের পক্ষে সায় দিয়েছেন।
ডাচ গণমাধ্যম এনওএস-এর খবর অনুযায়ী গত বৃহস্পতিবার পার্লামেন্টে এ নিয়ে বিতর্ক চলাকালীন ক্ষমতাসীন জোটের মধ্যে কিছুটা মতভেদ দেখা দেয়। জোটের অন্যতম শরিক দল ডি৬৬ এবং সিডিএ দাবি করেছে যে লেবাননে ইসরাইল সামরিক অভিযান, পশ্চিম তীরে বসতি স্থাপন এবং সাম্প্রতিক কিছু আইনের কারণে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। তাই তারা এই বাণিজ্য চুক্তি স্থগিতের পক্ষে অবস্থান নিয়েছে। তবে ক্ষমতাসীন জোটের আরেক দল ভিভিডি এই মুহূর্তে ইসরাইল এর বিরুদ্ধে কঠোর কোনো পদক্ষেপের বিরোধিতা করছে। প্রস্তাবটি গ্রোয়েনলিঙ্কস-পিভিডিএ, সোশালিস্ট পার্টি এবং ডেনক-সহ বিরোধী দলগুলোর ব্যাপক সমর্থন পেয়েছে। ডাচ আইনপ্রণেতা কাটি পিরি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান যে ফিলিস্তিনিদের ওপর নির্যাতন ও গণহত্যার পরিপ্রেক্ষিতে অবশেষে ডাচ পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ অংশ এই চুক্তি স্থগিতের পক্ষে মত দিলো।