ইমামদের নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান রফিকুল ইসলাম খানের
Printed Edition
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জাতির সামনে ইসলামের পূর্ণাঙ্গ রূপ তুলে ধরতে ইমামদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কুরআনের আংশিক শিক্ষা নয়, বরং সামগ্রিক শিক্ষা প্রচার করলেই মানুষ ইসলামের প্রকৃত দিক সম্পর্কে জানতে পারবে।
গতকাল শনিবার সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বিআরডিবি মিলনায়তনে উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জনাব খান বলেন, ইমামরা চাইলে সমাজে নৈতিকতা, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এ জন্য তাদের মসজিদের গণ্ডি পেরিয়ে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও সক্রিয় হতে হবে।
মাওলানা খান আরো বলেন, মহানবী হজরত মুহাম্মাদ সা: ছিলেন একজন আদর্শ ইমাম ও সফল রাষ্ট্রনায়ক। তাঁর আদর্শ অনুসরণ করে ইমামদেরও সমাজ নেতৃত্বে এগিয়ে আসা উচিত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ভূমি কর্মকর্তা শারমিন আক্তার লিমা। বিশেষ অতিথি ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান ভূঁইয়া, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী, সলঙ্গা থানা জামায়াতের আমির রাশেদুল ইসলাম শহীদসহ অন্য নেতারা।
এর আগে সকালে একটি খাল খনন কর্মসূচির উদ্বোধন এবং বিকেলে একটি ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করেন মাওলানা রফিকুল ইসলাম খান।