সরাসরি ভিয়েতনামে যাবেন হামজা

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

৩১ মার্চ এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ। সিঙ্গাপুরের বিপক্ষে এই ম্যাচ লাল-সবুজদের জন্য নিয়মরক্ষার। কারণ আগেই জামাল ভূঁইয়ারা চূড়ান্ত পর্বে উঠার রেস থেকে ছিটকে গেছে। যদিও তাদের শেষ হোম ম্যাচটা হয়েছিল ভারতের বিপক্ষে জয় দিয়ে। এখন এই শেষটাও জয়ে চায় বাংলাদেশ। সাথে চলতি বছরের প্রথম ম্যাচেও পূর্ণ পয়েন্ট পাওয়ার টার্গেট। তাই নিয়মরক্ষার এই ম্যাচের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নিচ্ছে জাতীয় দল। আগামীকাল লিগের ম্যাচ শেষে ১৬ মার্চ ক্যাম্পে উঠবে জাতীয় দল। এরপর ২৭ মার্চ ভিয়েতনামের বিপক্ষে ফিফা প্রীতিম্যাচ খেলার জন্য ২১ তারিখে আসিয়ান অঞ্চলের এই দেশে যাবে হাভিয়ার কাবরেরার দল। প্রশ্ন উঠেছিল ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী ইনজুরি কাটিয়ে বাংলাদেশের হয়ে এই দুই ম্যাচ খেলতে পারবেন কি না। হামজা অবশ্য এখন পূর্ণ ফিট। গতকাল ন্যাশনাল টিমস কমিটির সভা শেষে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু জানান, হামজা ১৬ মার্চ থেকে শুরু হওয়া ক্যাম্পে উঠবেন না। তবে সরাসরি ২১ তারিখে ভিয়েতনাম যাবেন। সেখান থেকে সিঙ্গাপুর যাবেন দলের সাথে।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে অনেক দেশের সাথেই বিমান চলাচল বন্ধ। সাধারণত মধ্যপ্রাচ্যে ট্রানজিট নিয়েই ইউরোপ ও আমেরিকা থেকে যাত্রীরা বাংলাদেশে আসেন। কানাডা , যুক্তরাষ্ট্র এবং ইতালি প্রবাসী বাংলাদেশী ফুটবলাররা এই পথেই দেশে আসেন। চলমান যুদ্ধের কারণে তাদের আসা নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে শেষ পর্যন্ত জায়ান আহমেদ, তারিক কাজী, শমিত শোম এবং ফাহামিদুল হকরা ক্যাম্পে যোগ দেয়ার আসছেন। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, যুক্তরাষ্ট্র্র থেকে জায়ান আহমেদ আগামীকাল ঢাকায় আসছেন। কানাডা থেকে শমিত শোম ১৫ তারিখে আসবেন। আর তারিক কাজী ও ফাহামিদুল আসবেন ১৬ মার্চ।

ভিয়েতনাম যাওয়ার আগে বাংলাদেশ দলের অনুশীলন হবে বসুন্ধরা কিংসের অনুশীলন গ্রাউন্ডে। দল থাকবে গুলশানের আশপাশের কোনো হোটেলে। ক্যাম্পের জন্য ৩০ জন ফুটবলারকে ডাকা হবে। এখান থেকে ২৩ জনের দল যাবে ভিয়েতনাম ও সিঙ্গাপুরে। বাংলাদেশ যদি এই দুই ম্যাচ জিততে পারে তাহলে ফিফা র‌্যাংকিংয়ে বড়সড় উন্নতি হবে।

গতকাল বাফুফের ন্যাশনাল টিমস কমিটির সভায় উপস্থিত ছিলেন না কোচ হাভিয়ার কারবেরা। তিনি বিদেশে অবস্থান করছেন। ৩০ ফুটবলার কারা কারা ক্যাম্পে উঠবেন সেটাও জানানো হয়নি। কাবরেরা দেশে আসার পর এই তালিকা দেয়া হবে। তবে আর্জেন্টিনায় খেলা পিডব্লিউডির মিনহাজুল করিম স্বাধীন, জাতীয় দল থেকে বাদ পড়া বসুন্ধরা কিংসের গোলরক্ষক আনিসুর রহমান জিকোরা এবার জাতীয় দলের ক্যাম্পে উঠতে যাচ্ছেন। ফর্টিসের মনজুরুর রহমান মানিক এবং আবদুল্লাহ ওমরেরও ক্যাম্পে উঠার কথা। অবশ্য বাফুফে ভিসা প্রসেসের জন্য ৪০ জনের উপরের খেলোয়াড়কে তালিকায় নিয়েছেন।

এই মার্চেই হাভিয়ার কাবরেরার সাথে চুক্তি শেষ বাফুফের। তার এই সময়ে বাংলাদেশ দল ভালো খেললেও বড় কোনো সাফল্য নেই। সুযোগ থাকা সত্ত্বেও কোচের ভুল এবং খেলোয়াড়দের দায়িত্বহীনতায় এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পারেনি। তবে কোচের সাথে চুক্তি নবায়ন বা তাকে বাদ দেয়ার বিষয়ে কোনো কথাই হয়নি। জানান আমিরুল ইসলাম বাবু। এই তথ্য দেন বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান। বাবু যোগ করেন, ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের পরই এ বিষয়ে সিদ্ধান্ত।

এখন থেকে সিনিয়র জাতীয় দলের ক্যাম্পে দুইজন করে বয়সভিত্তিক ফুটবলারকে রাখার পরামর্শ দিয়েছেন বাফুফে সভাপতি ও ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান তাবিথ আওয়াল। জানান আমের খান। আমিরুল ইসলাম বাবুর আশাবাদ যেহেতু ফুটবলাররা লিগ ও ফেডারেশন কাপে খেলার মধ্যেই আছেন তাই তারা ফিট। তবে আমের খানের মতে, এভাবে লিগ বন্ধ রেখে রেখে জাতীয় দলের ক্যাম্প করতে গেলে ক্লাবগুলোর ক্ষতি হয়। আর ক্লাব অনুশীলন বন্ধ রাখলে ফিটনেসের ঘাটতি দেখা দেয় ফুটবলারদের।