চলছে বাণিজ্য সংলাপের প্রস্তুতি

বাজেটে ১১০ মার্কিন পণ্যে আমদানি শুল্ক প্রত্যাহারের প্রস্তাব

আমদানি পণ্যের শুল্ক-করহার পর্যায়ক্রমে হ্রাস এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য সংলাপের প্রস্তুতির অংশ হিসেবে এ প্রস্তাব করা হয়।

নিজস্ব প্রতিবেদক
Printed Edition
Budget-2

আমদানি পণ্যের শুল্ক-করহার পর্যায়ক্রমে হ্রাস এবং যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য সংলাপের প্রস্তুতি নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ১১০টি পণ্যের আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

গতকাল জাতির সামনে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বক্তব্য উপস্থাপনকালে এ প্রস্তাব করেন অর্থ উপদেষ্টা। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আগামী বাজেট প্রস্তাবে আমদানি পণ্যের শুল্ক-করহার পর্যায়ক্রমে হ্রাস এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য সংলাপের প্রস্তুতির অংশ হিসেবে ১১০টি পণ্যের আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার, ৬৫টি পণ্যের আমদানি শুল্ক হ্রাস, ৯টি পণ্যের সম্পূরক শুল্ক সম্পূর্ণরূপে প্রত্যাহার এবং ৪৪২টি পণ্যের সম্পূরক শুল্ক হ্রাসের প্রস্তাব করেন।

বর্তমানে বলবৎ ন্যূনতম ও ট্যারিফ মূল্য পর্যায়ক্রমে প্রত্যাহার করার অংশ হিসেবে বিদ্যমান সব ট্যারিফ মূল্য প্রত্যাহারের প্রস্তাব করেন। একই সাথে ৮৪টি পণ্যের ন্যূনতম মূল্য প্রত্যাহার এবং ২৩টি পণ্যের ন্যূনতম মূল্য বৃদ্ধি করে শুল্ক মূল্য যৌক্তিক করার প্রস্তাব করেন।

প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। এটি চলতি ২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেটের (৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা) তুলনায় ৭ হাজার কোটি টাকা কম, যা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বাজেটের আকার হ্রাস পাওয়ার ঘটনা।

বিষয়সমূহ