কৃষি উৎপাদনশীলতা বাড়াতে খাল খনন করা অত্যাবশ্যক : আবদুল আউয়াল মিন্টু
Printed Edition
ফেনী প্রতিনিধি
পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, কৃষি উৎপাদনশীলতা বাড়ানোর জন্য পানির প্রবাহ দরকার। এ জন্য কৃষি উৎপাদনশীলতা বাড়াতে খাল খনন করা অত্যাবশ্যক। তাছাড়া কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য খাল খনন করা অত্যন্ত জরুরি হয়ে পড়ছে। ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের কারণে ভূগর্ভস্থ পানির স্তর আরো নিচে নেমে যাবে। এর ফলে পানি কমে গিয়ে উত্তোলন কষ্টসাধ্য হয়ে পড়বে। তা ছাড়া খাল খনন না করলে ভবিষ্যতে জলাবদ্ধতা তৈরি হয়ে বন্যার মাত্রা বেড়ে যাবে।
তিনি ১৬ মার্চ সকালে ফেনী জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদফতরের বাস্তবায়নে দেশব্যাপী নদী-নালা, খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় ফেনীর দাগনভুঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের দাদনার খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন।
ফেনীর জেলা প্রশাসক মনিরা হকের সভাপতিত্বে ও দাগনভুঞা আতাতুর্ক সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমাম হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর পুলিশ সুপার শফিকুল ইসলাম, বিএডিসির উপপ্রধান প্রকৌশলী নুর নবী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক আতিকুল ইসলাম, দাগনভুঞা উপজেলা বিএনপির আহবায়ক আকবর হোসেন, দাগনভুঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল ইসলাম প্রমুখ।