ভাঙা প্রাচীরের ঝুঁকিতে ঝিনাইদহের স্কুলশিশুরা
Printed Edition
আলাউদ্দিন আজাদ, ঝিনাইদহ
ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কলোনিতে অবস্থিত জিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঝুঁকিপূর্ণ পথে চলাচল করতে বাধ্য হচ্ছে। বিদ্যালয়ে যাওয়ার একমাত্র রাস্তার পাশে থাকা জরাজীর্ণ প্রাচীর ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে, পাশাপাশি রাস্তার বিভিন্ন অংশ দখল হয়ে যাওয়ায় পরিস্থিতি আরো বিপজ্জনক হয়ে উঠেছে। এতে করে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে।
সরেজমিন দেখা গেছে, প্রায় ৫০০ ফুট দীর্ঘ এ রাস্তাটি বর্তমানে প্রায় অচল। রাস্তার কোলঘেঁষে থাকা পুরনো প্রাচীরের বিভিন্ন অংশ ভেঙে পড়ে আছে, যা যেকোনো সময় ধসে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। একই সাথে রাস্তার মাঝ বরাবর ও বিভিন্ন স্থানে অবৈধ দখলের কারণে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।
সমস্যা সমাধানে এলাকাবাসী ঝিনাইদহ পৌরসভার প্রশাসকের কাছে গণস্বাক্ষরসহ লিখিত আবেদন দিলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি।
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সুজয় জানায়, ‘পাচিলের পাশ দিয়ে যাতায়াত করতে ভয় লাগে। এজন্য অনেকেই স্কুলে আসে না।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা: নিলুফা ইয়াসমিন বলেন, ‘রাস্তা ও প্রাচীরের ভগ্নদশার কারণে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এতে শিক্ষার্থীর উপস্থিতি কমে গেছে।’
এ বিষয়ে পাউবোর নির্বাহী প্রকৌশলী রঞ্জন কুমার দাস জানান, কলোনি সংস্কার প্রকল্পের আওতায় দ্রুত প্রাচীর নির্মাণের উদ্যোগ নেয়া হবে।