লিভারপুল অধ্যায় শেষ হচ্ছে সালাহর
Printed Edition
ক্রীড়া ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিভারপুলের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় ও ক্লাবের আধুনিক যুগের সাফল্যের পেছনের চালিকাশক্তি মোহাম্মদ সালাহ। মিসরীয় ফরোয়ার্ডের গোল, দৃঢ়তা ও স্মরণীয় মুহূর্তগুলোতে অল রেডদের অনেক শিরোপা জিততে সাহায্য করেছেন। ক্লাবের হয়ে এত অর্জনের পর এই মৌসুম শেষে অ্যানফিল্ড ছাড়বেন সালাহ। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ২ মিনিট ৯ সেকেন্ডের এক আবেগঘন ভিডিওর মাধ্যমে ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।
গত মৌসুমটা ক্লাবের হয়ে স্বপ্নের মতো কেটেছে সালাহর। লিগে দলের শিরোপা জয়ের পথে ২৯ গোল করার পাশাপাশি সহায়তা করেছেন ১৮ গোলে। ৩৮ ম্যাচের লিগে গোল সম্পৃক্ততায় যা যৌথভাবে রেকর্ড। প্রিমিয়ার লিগের ইতিহাসে এক মৌসুমে কোনো এক ফুটবলারের সেরা পারফরম্যান্সগুলোর মধ্যে জায়গা পেয়ে যায় এটি। তবে চলতি মৌসুম ঠিক উল্টো। বারবার হানা দিয়েছে দুঃস্বপ্ন। কোচের সাথে টানাপড়েন, ফর্মের অধারাহিকতা আর বিতর্ক মিলে কেটেছে বেশ কিছুদিন। সম্প্রতি অবশ্য আবার ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। কিন্তু লিভাপুলের নিজের পথের শেষও দেখে ফেলেছেন এই পরিক্রমায়।
সামাজিক মাধ্যমে ক্লাব ছাড়ার ঘোষণার ভিডিওর শুরুতে ছিল গোল আর উদযাপনের দৃশ্য। এক ঝলক দেখানো হলো গত মৌসুমের গোল্ডেন বুট ট্রফি। ট্রফি কেইসের সামনে একটি চেয়ারে তিনি বসলেন, দীর্ঘশ্বাস ফেলে একটু থিতু হয়ে এরপর বললেন, ‘হ্যালো এভরিওয়ান, দুর্ভাগ্যবশত, দিনটি চলেই এলো।’
২০১৪ সালে চেলসির হয়ে ইংলিশ ফুটবলে পা পড়ে সালাহর। তবে সেখানে দুই বছরে মাঠে নামার সুযোগ পেয়েছেন সামান্যই। এর মধ্যে ধারে খেলেছেন ফিওরেন্টিনা ও এএস রোমায়। পরে ২০১৬ সালে দীর্ঘমেয়াদি চুক্তিতেই পাড়ি জমান রোমায়। সেই মৌসুমে দুর্দান্ত পারফর্ম করে নজর কেড়ে ইতালিয়ান ক্লাব এএস রোমা থেকে ২০১৭ সালে লিভারপুলে যোগ দেন সালাহ। ধীরে ধীরে ক্লাবের ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ক্লাবের হয়ে গোল করা ও সহায়তা মিলে ২৮১ গোলের সম্পৃক্ততায় প্রিমিয়ার লিগের ইতিহাসে রেকর্ডে জায়গা করে দিয়েছে তাকে।