মুদ্ধতা ছড়াচ্ছে ‘আপনজন’
Printed Edition
বিনোদন প্রতিবেদক
এবারের ঈদে বেশ কিছু ভালো ভালো গল্পের পারিবারিক নাটক প্রকাশিত হয়েছে। তার মধ্যে অন্যতম একটি নাটক হচ্ছে ‘প্রিয়জন’। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, নাদের চৌধুরী, শাহেদ শরীফ খান, দীপা খন্দকার, জোভান, নাজনীন নীহা, সায়েম সামাদ, ফাতেমা হীরা, সাব্বির আহমেদসহ আরো অনেকে। নাটকটি গত ২৩ মার্চ ঈদ উপলক্ষে ইউটিউবে প্রকাশিত হয়। নাটকটি নির্মাণ করেছেন জাকারিয়া শৌখিন। প্রকাশের পর থেকে দর্শক প্রবল আগ্রহ নিয়ে নাটকটি উপভোগ করছেন। যে কারণে গত ২৩ মার্চ থেকে গতকাল পর্যন্ত নাটকটি ইউটিউবে প্রায় ৪০ লাখ ভিউয়ার্স উপভোগ করেছেন। নাটকটিতে যারা অভিনয় করেছেন সবাই এতে অভিনয়ের জন্য বেশ ভালো সাড়া পাচ্ছেন বলেও জানিয়েছেন। অভিনেত্রী দীপা খন্দকার বলেন, ‘রোজার মধ্যে এই নাটকের শুটিং করেছিলাম পুবাইলের একটি শুটিং হাউজে। বুঝতে পারিনি নাটকে এত এত শিল্পী আছেন। শুটিংয়ে গিয়ে সবাইকে দেখে এক অন্যরকম ভালোলাগা কাজ করেছিল। কারণ অনেক শিল্পীকে নিয়ে গল্পের নাটক এখন খুব কমই হয়। এই মুহূর্তে আমি এটা আমাদেরই গল্প নাটকে ফুফু চরিত্রে অভিনয়ের জন্য ভীষণ সাড়া পাচ্ছি। পাশাপাশি আপনজন নাটকের জন্যও ভালো সাড়া পাচ্ছি।’ আবুল হায়াত বলেন, ‘শৌখিনের নাটকে এর আগেও অভিনয় করেছি। তার নাটকের গল্প খুব ভালো হয়। পারিবারিক গল্পের নাটকগুলোও খুব ভালো হয়। যথারীতি আপনজনও তাই। আমি, দিলারা ভাবীসহ অন্য যারা এ নাটকে অভিনয় করেছেন সবাই যার যার চরিত্রে খুব চমৎকার অভিনয় করেছেন। নাটকটি আমি দেখেছি, সবমিলিয়ে বেশ ভালো হয়েছে।’ দিলারা জামান বলেন, ‘শৌখিনের নাটকে এর আগেও অভিনয় করে বেশ সাড়া পেয়েছি। একজন নিখুঁত নির্মাতা। নীহা মেয়েটি ভীষণ লক্ষ্মী। আমার সাথে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছে নীহা। এই প্রজন্মের মধ্যে নীহা বেশ সম্ভাবনাময় একজন শিল্পী। আরো সিরিয়াস হলে তার আগামীটা আরো সুন্দর হবে বলেই আমার বিশ^াস।’