আন্তর্জাতিক সংস্থাগুলোতে তুরস্কের সাথে জোরালো সহযোগিতা চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Printed Edition

কূটনৈতিক প্রতিবেদক

আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থাগুলোতে বিভিন্ন ক্ষেত্রে তুরস্কের সাথে সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, বাংলাদেশ ২০১৭ সাল থেকে মিয়ানমার থেকে আসা ১২ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। এটি বাংলাদেশের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ। যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদে, মর্যাদাপূর্ণ ও টেকসইভাবে মিয়ানমারে ফেরত পাঠাতে তুরস্কসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের আন্তরিক সমর্থন চাই।

গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তুর্কি রেড ক্রিসেন্টের প্রেসিডেন্ট ড. ফাতমা মেরিচ ইলমাজের সাথে সাক্ষাতে শামা ওবায়েদ এ মনোভাব ব্যক্ত করেন। এতে বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়।

মিয়ানমার থেকে আসা বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেয়ার ক্ষেত্রে বাংলাদেশের অসাধারণ উদারতা এবং বছরের পর বছর ধরে বাংলাদেশের অব্যাহত মানবিক সহায়তার প্রশংসা করেন ড. ফাতমা মেরিচ ইলমাজ। তিনি রোহিঙ্গাদের জন্য খাদ্যসহায়তা, শিক্ষা, প্রাথমিক ও জরুরি চিকিৎসাসেবা, স্যানিটেশন ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের ক্ষেত্রে তুরস্কের মানবিক কার্যক্রমের ওপর আলোকপাত করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী সফররত তুর্কি রেড ক্রিসেন্ট প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে রোহিঙ্গাদের জন্য তুরস্কের উল্লেখযোগ্য মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।