নরওয়েতে জ্বালানি সঙ্কটের আশঙ্কায় আগাম সতর্কতা
Printed Edition
আনাদোলু
মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে জ্বালানি সঙ্কট মোকাবেলায় নরওয়ে তাদের জরুরি পরিকল্পনা ও প্রয়োজনীয় পদক্ষেপগুলো পর্যালোচনা করছে। কর্মকর্তাদের আশঙ্কা, বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হলে তার প্রভাব নরওয়ের অভ্যন্তরীণ মজুদ ও প্রাপ্যতার ওপর পড়তে পারে।
নরওয়ের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনআরকে গতকাল শুক্রবার জানিয়েছে, আন্তর্জাতিক তেল ও জ্বালানি সরবরাহ ব্যবস্থা ব্যাহত হলে তার প্রভাব নরওয়ের ওপর কেমন হতে পারে, তা খতিয়ে দেখছে সরকার। প্রধানমন্ত্রী ইয়োনাস গাহর স্টোর-এর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, বিশেষ করে গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের পথগুলো বন্ধ হয়ে গেলে বা তেল শোধনাগারগুলোর সক্ষমতা কমে গেলে কী ধরনের পরিস্থিতি হতে পারে, তা নিয়ে সরকার উদ্বিগ্ন। কর্তৃপক্ষ তাদের জরুরি সেবা পরিকল্পনাগুলো যাচাই করে দেখছে। এর আওতায় সঙ্কটকালীন সময়ে স্বাস্থ্যসেবা, জরুরি সেবা এবং পরিবহন খাতের মতো গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে জ্বালানি বণ্টনের ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হতে পারে। পরিস্থিতি আরো খারাপ হলে জ্বালানি খরচ কমানো বা সরবরাহ স্থিতিশীল রাখার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।