রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
Printed Edition
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর এলাকায় ব্যবসায়ী মাছুম দেওয়ানের (৪৬) বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোনসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
গত রোববার গভীর রাতে ১০-১২ জনের একটি মুখোশধারী ডাকাতদল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাড়ির নিচতলার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর তারা মাছুম দেওয়ান, তার স্ত্রী মিতু বেগম (৩৫) এবং পরিবারের অন্যান্য সদস্যদের হাত-পা ও চোখ-মুখ বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ডাকাতরা আলমারি ভেঙে প্রায় ১৬ ভরি স্বর্ণালঙ্কার, নগদ তিন লাখ ৬০ হাজার টাকা এবং কয়েকটি মোবাইল ফোন লুট করে নেয়। লুটপাট শেষে পরিবারের সদস্যদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার পর ভুক্তভোগী মাছুম দেওয়ান রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সবজেল হোসেন জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।