সাগরের গভীরে কচ্ছপের চড়!
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
সমুদ্রের গভীরে অদ্ভুত এক অভিজ্ঞতা হয়েছে ভ্রমণবিষয়ক কনটেন্ট ক্রিয়েটর ক্রিস্টোফার চ্যাংয়ের। ভিডিও করার সময় তিনি একটি ‘বেয়ারা’ কচ্ছপের মুখোমুখি হয়েছিলেন। চ্যাংয়ের ভাষায়, কচ্ছপটি সাগরের তলে একপর্যায়ে তাকে হালকা করে ‘চড়’ দেয়, তারপর শান্তভাবে চলে যায়। চ্যাং বলেন, ভ্রমণের শুরুটা ছিল স্বাভাবিক; কিন্তু হঠাৎ কোথা থেকে যেন একটি কচ্ছপ এসে তার পিছু নেয়। সাধারণত সাগরের তলদেশে কচ্ছপকে আপন মনে সাঁতরে বেড়াতে দেখা গেলেও কচ্ছপটি ছিল ব্যতিক্রম। এটি বারবার চ্যাংয়ের আশপাশে ঘুর ঘুর করছিল, যেন কিছু বলতে চায়।
চ্যাং প্রথমে ভেবেছিলেন এটি স্বাভাবিক আচরণ; কিন্তু কিছুক্ষণ পরই বিষয়টি অদ্ভুত মনে হতে থাকে। কচ্ছপটি বারবার তার দিকে এগিয়ে আসছিল এবং দূর থেকে তাকিয়ে থাকছিল, যেন তাকে পর্যবেক্ষণ করছে। চ্যাংয়ের ভাষায়, কচ্ছপটি একপর্যায়ে তাকে হালকা করে ‘চড়’ দেয়, তারপর শান্তভাবে চলে যায়।
চ্যাংয়ের মতে, সাগরতলে ভ্রমণের সময় বহুবার কচ্ছপের মুখোমুখি হলেও এমন আচরণ কখনো দেখেননি। এটা একেবারেই আলাদা ছিল।
ঘটনার ভিডিওটি ইতোমধ্যে অনলাইনে ছড়িয়ে পড়েছে। ভিডিওর শিরোনামে লেখা হয়েছে, ‘আমি কচ্ছপের চড় খেয়েছি।’ ভিডিওর নিচে অনেকে মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, ‘এটা তার জগৎ, আপনি বেশি শব্দ করছিলেন!’ কচ্ছপের অনুমতি ছাড়া ভিডিও করায় সে বিরক্ত হয়েছে উল্লেখ করে আরেকজন লিখেছেন, এটা করার অধিকার তার আছে!